জল্পনার অবসান। মহারাষ্ট্রে সফল NDA-র ‘অপারেশন টাইগার’। দলের সংসদীয় বৈঠক এড়িয়ে যাওয়ার পরেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল। রবিবার সরাসরি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন ধারাশিবের শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের সাংসদ ওমরাজে নিম্বালকর।
রবিবার নিম্বালকর জানিয়েছেন, নিজ নির্বাচনী কেন্দ্রের স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, ‘আমরা শিবসেনায় (শিন্ডে গোষ্ঠী) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখন থেকে একনাথ শিন্ডের নেতৃত্বেই মানুষের জন্য কাজ করব।’
এই ‘আমরা’ ঠিক কারা, তা অবশ্য স্পষ্ট করেননি নিম্বালকর। তবে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের মোট ৯ জন সাংসদের মধ্যে ৬-৭ জন একই পথে পা বাড়িয়ে আছেন বলে খবর রয়েছে।
সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, নিম্বালকরের সমর্থকদের অভিযোগ, উদ্ধব শিবিরে তাঁদের নেতাকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। দলের শীর্ষস্থানীয় নেতা সঞ্জয় রাউতের দিকে ইঙ্গিত করে তাঁদের অভিযোগ, ‘আমাদের নেতার বিরুদ্ধে কটু মন্তব্য করা হয়েছে। শিন্ডে সেনায় তিনি নিশ্চিত ভাবে তাঁর যোগ্য সম্মান পাবেন।’ পাশাপাশি, সাম্প্রতিক পুর ও পঞ্চায়েত নির্বাচনে দলের কর্মীদের জন্য উদ্ধব ঠাকরে কিছুই করেননি বলেও অভিযোগ করেছেন নিম্বালকরের সমর্থকরা।
এর আগে শুক্রবার নিম্বালকর জানিয়েছিলেন, স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই তিনি দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সে দিন তিনি জানিয়েছিলেন, তাঁর বাবার মৃত্যুর সঠিক তদন্ত যাতে হয়, তার জন্যই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিরোধী শিবিরে থাকলে তাঁর বাবার হত্যার সঠিক বিচার হবে না বলে তিনি মনে করছেন। তাই NDA শিবিরে ভিড়তে চাইছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের এক দায়রা আদালত তাঁর বাবা পবনরাজে নিম্বালকরের হত্যা মামলায় সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে। এই রায়দানের কয়েকদিনের মধ্যেই এই বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন সাংসদ নিম্বালকর।
এ দিন তিনি দল ছাড়ার ঘোষণা করার পরেই, শিবসেনা বিধায়ক তানাজি সাওয়ান্ত বলেছেন, ‘আজ থেকে সাংসদ ওমরাজে নিম্বালকর NDA-র হয়ে কাজ করবেন। উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অপারেশন টাইগার সফল হলো।’