• পাক রাষ্ট্রপতির মন্তব্য আজগুবি, কড়া জবাব দিল্লির
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • নয়াদিল্লি: ভারতে মুসলিম স্থাপত্য ও সৌধগুলির ক্রমাগত হামলার শিকার হচ্ছে। মুসলিম ধর্মাবলম্বী মানুষরাও ভারতে নিরাপদ নন। সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। সেই মন্তব্যের কড়া জবাব দিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকারই ইসলামাবাদের নেই। মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রপতি যে অবাঞ্ছিত ও আজগুবি মন্তব্য করেছেন, তা ভারত প্রত্যাখ্যান করছে।’ পাকিস্তানেই যে মানবাধিকারের অবস্থা শোচনীয়, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ওই বিবৃতিতে রণধীর বলেছেন, পাকিস্তানে মানবাধিকার যেভাবে সঙ্কুচিত হচ্ছে, তা বিশ্বজুড়ে আলোচনার বিষয়। বিভিন্ন ধর্মের সংসংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে হামলা ও নিপীড়নের জন্য পাকিস্তান ইতিমধ্যেই কুখ্যাত। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাস্তবটা যদি দেখা যায়, তাহলে এই মন্তব্য আসলে রাজনৈতিক আক্রমণ। পাকিস্তান যে ধর্মীয় গোঁড়ামি এবং ঘৃণার রাজনীতির মাধ্যমে পরিচালিত হয়, জারদারির মন্তব্য আদতে তারই প্রতিফলন।
  • Link to this news (বর্তমান)