পুজোয় দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার পেতে চলেছে বাংলা
বর্তমান | ২২ জুন ২০২৬
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি; পুজোর আগেই বাংলায় চালু হতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, হাওড়া থেকে দিল্লি রুটে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে রেল বোর্ড। তবে হাওড়া-দিল্লির পাশাপাশি দেশের আরও মোট ন’টি রুট বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য চিহ্নিত হয়েছে। জানা যাচ্ছে, শীঘ্রই এসংক্রান্ত ঘোষণা করতে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের মধ্যে প্রথম শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পেয়েছে বাংলাই। নতুন বছরের শুরুতেই হাওড়া এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তা মূলত ছিল গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে ভোটমুখী দুই রাজ্য বাংলা এবং অসমের জন্য কেন্দ্রের নির্বাচনি উপহার! এবার দিল্লি-হাওড়া রুটে বাংলার দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করে বাংলার মানুষকে ভোট জয়ের পুরস্কার দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবছর দুর্গাপুজোর আগেই তা চালু হতে পারে।
উল্লেখ্য, দিল্লি থেকে কলকাতা রেল পথে দূরপাল্লার ট্রেনের গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার করার ব্যাপারে ইতিপূর্বেই সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইমতো ওই রুটে পরিকাঠামোগত মানোন্নয়নের কাজও প্রায় শেষের পথে। এমনই জানানো হয়েছে রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে। মনে করা হচ্ছে, শয়নযান বিশিষ্ট বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর কথা মাথায় রেখেই দ্রুততার সঙ্গে ওই কাজ করা হয়েছে। দিল্লি-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনও হবে ১৬টি কোচের। এক্ষেত্রে মোট ৮২৩ জন যাতায়াত করতে পারবে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এব্যাপারে আগামী মাসে পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠক করতে পারেন বলেও খবর। এরই পাশাপাশি পূর্ব রেলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন রেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিকরাও। রেল সূত্রের খবর, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চালু হবে মুম্বই-বেঙ্গালুরু, দিল্লি-আমেদাবাদ, দিল্লি-চেন্নাই এবং দিল্লি-মুম্বই রুটে।