বেহাল শিশুউদ্যান সংস্কারের কাজ শুরু হয়নি আজও, ক্ষোভ
বর্তমান | ২২ জুন ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: খাতায়কলমে কয়েক মাস আগে ময়নাগুড়ির শিশুউদ্যানের কাজের সূচনা হয়েছিল। তবে বাস্তবে এখনও একটু কাজও এগয়নি। অথচ, পার্কের সামনে পুরসভা সূচনা অনুষ্ঠানের বড়ো বোর্ড টাঙিয়ে রেখেছে। পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে কাজের সূচনা হয়। কিন্তু কয়েক মাস কেটে গেলেও, কোনো কাজ হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ শহরবাসী।
১৯৮১ সালে ময়নাগুড়িতে গড়ে উঠেছিল এই শিশুউদ্যানটি। তৎকালীন বন ও পর্যটনমন্ত্রী পরিমল মিত্র উদ্যানটির উদ্বোধন করেছিলেন। পার্কটি বনদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে উদ্যানটির বেহাল অবস্থা। শিশুদের দোলনা, খেলার সামগ্রীগুলি ভেঙে রয়েছে। দীর্ঘদিনের মানুষের দাবি মেনে কয়েক মাস আগে উদ্যান সংস্কারের কাজের সূচনা হয়। প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে কাজ হওয়ার কথা। পুরসভা জানিয়েছে, আম্রুত-২ প্রকল্পের অর্থে এখানে কাজ হবে।
তবে দীর্ঘ কয়েক মাস পরেও কাজ শুরু না হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদ্যানে আসা নন্দী সেন বলেন, পার্কের সংস্কার অতি দ্রুত প্রয়োজন। উদ্যান লাগোয়া এক দোকানদার অজয় দাস বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পার্কে লোকজন কম আসছে। সুন্দরভাবে সেজে উঠলে প্রচুর মানুষজন আসবেন। ব্যবসা ভালো হবে।
জানা গিয়েছে, এই উদ্যানে একজন মাত্র সরকারি কর্মী রয়েছেন। তিনি বলেন, বোর্ড টাঙানো হয়েছিল। কিন্তু এরপর আর কাজ শুরু হয়নি। পার্কের প্রচুর কাজের প্রয়োজন। উদ্যানে প্রবেশে বড়োদের থেকে ১০ টাকা ও ছোটোদের জন্য ৫ টাকা করে টিকিট নেওয়া হয়।
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায় বলেন, কাজ দ্রুত যেন শুরু করা হয় তার প্রচেষ্টা করা হচ্ছে।