জলদাপাড়ায় কুনকি হাতিরাও হলং নদীর জল ছিটিয়ে যোগাসনে তাল মেলাল, উত্তরবঙ্গ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন
বর্তমান | ২২ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার সকালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল। তবে বর্ষণসিক্ত আবহাওয়ার কারণে অনেকে জায়গাতেই যোগ দিবসের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। আলিপুরদুয়ারে সরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়। তবে আলাদা করে নজর কাড়ে কুনকি হাতিদের নিয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীদের যোগাসন। জাতীয় উদ্যানের ভিতর নির্জন হলং নদীর ধারে কুনকি হাতিদের সঙ্গে মিউজিকের তালে ও বাঁশির সুরে বনকর্মীরা যোগাসন করেন। কুনকি হাতিরাও শুঁড় নাড়িয়ে নদীর জল ছিটিয়ে বনকর্মীদের সঙ্গে যোগাসনে তাল মেলায়। জাতীয় উদ্যানের উত্তর ও পশ্চিম রেঞ্জের জঙ্গলে হলং নদীর পাড়ে কুনকি হাতিদের নিয়ে বনকর্মীদের এই যোগাসন হয়। এদিকে, এদিন জেলা প্রশাসনের উদ্যোগে যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে। জেলা পুলিশের যোগ দিবসের অনুষ্ঠানটি হয় কৃষিমাণ্ডির পাশে পুলিশ লাইনে। এখানে পুলিশ সুপার অমিত কুমার শাহ অংশ নেন। এছাড়াও, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে যোগ দিবসের অনুষ্ঠান হয়।
শিলিগুড়িতে মাল্লাগুড়ি পুলিশ লাইন, ফুলবাড়ি পুলিশ ব্যাটালিয়নে যোগ দিবসের অনুষ্ঠান হয়। তবে বৃষ্টির কারণে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনের অনুষ্ঠান বাতিল হয়। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার পাইপলাইন এলাকার মহিলা পরিচালিত ক্লাব নবদ্যমীর উদ্যোগে যোগদিবস পালিত হয়। এতে স্থানীয় কাউন্সিলার সাথী সরকার অংশ নেন।
এদিকে, এদিন সকালে জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্সে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি পালন হয়। অনুষ্ঠানে সাংসদ জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত কুমার চৌধুরী, জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ, পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি সহ সমস্ত সরকারি দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন কোচবিহারেও আনন্দ উদ্দীপনার সঙ্গে যোগ দিবস পালিত হয়েছে। যদিও বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটে। কোচবিহার রাজপ্রাসাদের সামনে প্রশাসনের পক্ষ থেকে যোগ দিবস পালন করার কথা ছিল। তার স্থানান্তরিত করে পাশের যুব আবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতেন যাদব। দিনহাটায় হেমন্ত বসু কর্নারে যোগ দিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক ভরত সিং।