• দুর্নীতির তদন্তে এবার নজরে পুরসভার অ্যাকাউন্টস বিভাগ
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • রাজীব বর্মন, দেওয়ানহাট: দিনহাটা পুরসভায় দুর্নীতির তদন্তে এবার নজর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। হাউজিং ফর অল প্রকল্পের পাশাপাশি ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ দুর্নীতির কিনারা করতে তদন্তকারীদের নজরে পুরসভার সংশ্লিষ্ট বিভাগ। সেজন্য অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছে। ২০১৫ সালের পর থেকে পুরসভার অর্থ কোন অ্যাকাউন্ট থেকে কোথায় কীভাবে খরচ হয়েছে সেসব তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেজন্য পুরসভার নথিভুক্ত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ধাপে ধাপে সংগ্রহ করা হচ্ছে। 

    ইতিমধ্যেই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী সহ পুরসভার  কয়েকজন কর্মী। এদিকে, দুর্নীতির তদন্তে গতি আনতে গত শনিবার দুপুরে দিনহাটা থানায় এসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ মিটিং করেন রাজ্য পুলিসের এডিজি (নর্থবেঙ্গল) কে জয়রামন। জানা গিয়েছে, পুলিশ হেপাজতে থাকা উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এরপর অ্যাকাউন্টস বিভাগের ফাইল নিয়ে থানায় আসার ডাক পড়ে পুরসভার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের। রবিবার পুরসভার হেড ক্লার্ক ও অ্যাকাউন্ট্যান্ট বেশকিছু ফাইল নিয়ে ছুটে যান থানায়। পাশাপাশি সেখানে কখন, কোথায় ও কীভাবে পুরসভার অর্থ খরচ হয়েছে সেসব তথ্য খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর। ফলে দিনহাটা পুরসভার দুর্নীতি কাণ্ডে তৎপরতা বেড়ে যাওয়ায় তদন্তের গতি যে ক্রমশ বাড়ছে তা একপ্রকার স্পষ্ট। 

    ২০২৪ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত এই পুরসভায় ভুয়ো প্ল্যান পাশের অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। মন্ত্রী উদয়ন গুহর নিজের ওয়ার্ডের এক বাসিন্দা লিখিত অভিযোগ করেন পুরসভায়। এরপরেই পুরসভার তরফে থানায় লিখিত অভিযোগ করা হলে তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। ওই বছরের ডিসেম্বর মাসে পুরসভার কর্মী উত্তম চক্রবর্তী প্রথমে গ্রেপ্তার হন। এরপর পুরসভার দুই পদস্থ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে একাধিক নাম উঠে আসে। জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন কর্মীকে। 

    কিছুদিন পর হঠাৎই দুর্নীতির তদন্তের গতি হারায়। ধামাচাপা পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর ফের বন্ধ ফাইল খোলা হয়। প্রথমে গ্রেপ্তার হন পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। পরে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকরকে জালে তোলে পুলিশ।
  • Link to this news (বর্তমান)