• কোদাল হাতে পুকুর কেটে প্রকল্পের সূচনায় পদ্মের বিধায়ক অসীম
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • সংবাদদাতা, রানাঘাট: বিধায়কের হাত ধরে ফিরল ১০০ দিনের কাজ। ১০০ দিনের কাজে কোদাল হাতে পুকুর খননের উদ্বোধন করেন রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস।

    তৃণমূল জামানার একাধিক দুর্নীতিতে দীর্ঘদিন ধরে থমকে ছিল গ্রামীণ এলাকার অন্যতম প্রধান ‘১০০ দিনের কাজ’। ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন বহু সাধারণ মানুষ। অচলাবস্থা কাটিয়ে রানাঘাটে নতুন করে শুরু হল ১০০ দিনের কাজ। রবিবার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের হাত ধরে বিধানসভার দু’টি ভিন্ন এলাকায় পুকুর কাটার কাজের উদ্বোধন হয়।

    এদিন বগুলা ২ নম্বর  পঞ্চায়েতের মদনায় প্রায় ৯৫ শতক জায়গায় পুকুর খননের কাজ শুরু হয়। অপরদিকে হাঁসখালি ব্লকের রামনগর ২ গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯৫ শতক জায়গায় পুকুর খননের কাজ হয়।

    এদিন ১০০ দিনের কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন হাঁসখালি ২ এর বিডিও, রানাঘাট ২ এর বিডিও, রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রমুখ। জনপ্রতিনিধিকে এভাবে ময়দানে নেমে মাটি কোপাতে দেখে সাধারণ মানুষ ও শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

     বিধায়ক অসীম বিশ্বাস বলেন, তৃণমূলের আমলে দুর্নীতির কারণে সাধারণ মানুষের ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ কাজ পাচ্ছিলেন না। সাধারণ মানুষকে পুনরায় তাঁদের কাজ ফিরিয়ে দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। এখন ডবল ইঞ্জিনের সরকার এসেছে। কাজেই সাধারণ মানুষের কাজের আর কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষকে কাজের খোঁজে বাইরের রাজ্যে যেতে হবে না। ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে যে পুকুর খনন করা হচ্ছে সেখানে আগামী দিনে মাছ চাষ হবে। 
  • Link to this news (বর্তমান)