• অষ্টম শ্রেণির পড়ুয়াদের র‌্যাগিংয়ের শিকার নীচু ক্লাসের ছাত্ররা, আতঙ্ক
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • সংবাদদাতা, ঘাটাল: কলেজে নয়, এবার স্কুলে অষ্টম শ্রেণির পড়ুয়াদের র‌্যাগিংয়ের শিকার হচ্ছে নীচু ক্লাসের ছাত্ররা। ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলে এই সমস্যা দেখা দিয়েছে। স্কুল চলাকালীন বা হস্টেলে অষ্টম শ্রেণির ছাত্রদের হাতে প্রায়ই আক্রান্ত হচ্ছে পঞ্চম-ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা। নীচু ক্লাসের ছাত্রদের গোপনাঙ্গ দেখানোর জন্য চাপ সৃষ্টি করছে অষ্টম শ্রেণির পড়ুয়ারা। আবার কখনও তাদের অত্যাচারে কারও হাত ভাঙছে, কারোর গোপনাঙ্গে এতটাই তীব্র আঘাত করা হচ্ছে যে সঙ্কটজনক অবস্থায় দিনের পর দিন হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে পড়ুয়াকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অভিভাবকরা উদ্বিগ্ন। এই ধরনের ঘটনাগুলিকে পড়ুয়াদের কোনও মানসিক সমস্যা বলে মানতে নারাজ কলকাতার পিজি হাসপাতালের সাইকিয়াট্রিস্ট সুমেধা রায়। তিনি বলেন, এটা দাদাগিরি বা র‍্যাগিং ছাড়া এগুলি অন্য কিছু নয়। একটি নির্দিষ্ট কোনো পড়ুয়া যদি ধারাবাহিকভাবে এই ধরনের কাজ একা করে থাকে, তবেই তার চিকিৎসার প্রয়োজন রয়েছে।

    চন্দ্রকোণা থানার চন্দ্রকোণা জিরাট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বর্ণদীপ সরকার বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিল। অভিযোগ, স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রদের অত্যাচারে তার ডান হাত ভেঙে যায়। ওই ছাত্রের বাবা ত্রিদিব সরকার বলেন, হাড় ভেঙে যাওয়ার ফলে ছেলের হাতে প্লাস্টার করাতে হয়েছে। ডান হাত জখম হওয়ার কারণে সে লেখাপড়া করতে বা টিউশনিতে যেতে পারছে না। কী কারণে তার হাত ভাঙা হয়েছে সেই কারণ জানলে চমকে উঠতে হবে। ছাত্রের মা সোনালি সরকারের অভিযোগ, প্রত্যেক দিন স্কুলে গেলেই অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্র আমার ছেলেকে সমস্ত পোশাক খুলে গোপানাঙ্গ দেখাতে বাধ্য করাত। না খুললেই শারীরিক অত্যাচার করা হত। বৃহস্পতিবার সেইরকম ঘটনার জেরেই ছেলের হাত ভেঙেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, আজ, সোমবার অষ্টম শ্রেণির ওই সব ছাত্রদের অভিভাবকদের ডাকা হয়েছে। তারপরই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।একই ঘটনা ঘটেছে দাসপুর থানার পাঁচবেড়িয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সুমিত সিংয়ের সঙ্গে। সুমিত ওই স্কুলেরই হস্টেলে থাকত। অভিযোগ, প্রায়ই হস্টেলে থাকা অষ্টম শ্রেণির কয়েক জন ছাত্র সুমিতকে জামা-প্যান্ট  খোলার জন্য চাপ দিত। ভয়ে দাদাদের নির্দেশ সে মেনেও নিত। কিন্তু কয়েক দিন আগে তার বিশেষ অঙ্গে এমনভাবে আঘাত করা হয়েছে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাতে হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)