কাল দেশের কিছু অংশে বর্ষা ঢুকবে, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা
বর্তমান | ২২ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারত অতিবৃষ্টিতে ভাসছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের একাংশে এখনো চলছে তাপপ্রবাহ। দেশের ওই অংশে বর্ষা এখনো প্রবেশ করেনি। বৃষ্টি কম হওয়ার পাশাপাশি গরম শুকনো হাওয়ার দাপটে তাপমাত্রা চড়া থাকছে। অনেকদিন যাবৎ থমকে থাকার পর, আগামীকাল মঙ্গলবার নাগাদ দেশের আরো কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কোচবিহারে সর্বোচ্চ ২২২ মিমি ও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ১০০ মিমির বেশি বা আশপাশে বৃষ্টি হয়েছে। সেখানে আজ সোমবার উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপরও ভারী বৃষ্টি চলবে ওইসব জায়গায়। কয়েকদিন পর, ২৬ তারিখ নাগাদ সেখানে বৃষ্টি আরো বাড়তে পারে। উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় অতিবৃষ্টিজনিত দুর্যোগের আশঙ্কা রয়েছে।
শনিবার বৃষ্টি কম হলেও রবিবার দক্ষিণবঙ্গে কলকাতাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেশি হয়েছে। কলকাতায় এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৬২ মিমি এবং দমদমে ৫১ মিমি বৃষ্টি হয়েছে। সল্টলেকে ৫৫ মিমি, হলদিয়ায় ৫৩ মিমি বৃষ্টি হয়েছে এই সময়ে। ক্যানিং ও সাগরদ্বীপে যথাক্রমে ৪৮ ও ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি চলবে। একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আছে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এই কারণে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। মৌসুমি বায়ু রাজ্যে সক্রিয়। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ঢোকার পর পাহাড়ে ধাক্কা খেয়ে শক্তিশালী মেঘ তৈরি হওয়ার ফলে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকা ও সিকিমে বেশি বৃষ্টি হচ্ছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবও পড়ছে পাহাড়ে।