• স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে নিশ্চুপ শাশুড়ি, চপার দিয়ে কুপিয়ে গ্রেপ্তার জামাই
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি এসে শাশুড়িকে চপার দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে গুণধর জামাইয়ের বিরুদ্ধে। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার রাখাল দাস আঢ্য রোডে। আহত মিনতি ঘোষের মাথায় দশটি সেলাই পড়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত জামাই প্রশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগরের বাসিন্দা প্রশান্ত বছর দশেক আগে চেতলার ওই তরুণীকে বিয়ে করেন। পেশায় শেফ ওই যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালোই ছিল। শেফের কাজ করায় তাঁকে দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হত। মাস ছয়েক আগে প্রশান্তর স্ত্রীর সঙ্গে এক যুবকের পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁরা নিয়মিত কথা বলতেন। মেসেজ আদান প্রদানও হত। এভাবেই সম্পর্ক ক্রমে গভীর হয়। ওই যুবক গৃহবধূর বাড়িতে যাতায়াত শুরু করেন। অভিযোগ, ওই যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। স্ত্রীর মোবাইল ঘেঁটে প্রশান্ত জানতে পারেন এই কীর্তি। এ নিয়ে স্ত্রীকে প্রশ্ন করলে তিনি ওই যুবককে বন্ধু হিসাবে পরিচয় দেন। কিন্তু ওই ‘বন্ধু’ প্রায়ই তাঁদের বাড়িতে আসেন কেন, এই প্রশ্নের ব্যাখ্যা দিতে পারেননি স্ত্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। প্রশান্ত বিষয়টি শাশুড়িকে জানান। অভিযোগ, মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা তাঁকে বারে বারে বললেও তিনি তাতে কর্ণপাত করেননি। এ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের মনোমালিন্য চরমে ওঠে। জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে এসে প্রসঙ্গটি ফের তোলেন প্রশান্ত। অভিযোগ, শাশুড়ি বিষয়টিকে আমল দেননি। উলটে মেয়ের পক্ষ নেন শাশুড়ি। এরপর রাত ৮টা নাগাদ বেরনোর আগে আচমকা রান্নাঘর থেকে চপার নিয়ে এসে শাশুড়ির মাথায় আঘাত করেন জামাই। তিনি রক্তাক্ত হন। এই সুযোগে চম্পট দেয় প্রশান্ত। আহত মিনতি দেবীর বাড়ির সদস্যরা থানায় খবর দেন। মিনতিদেবীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় দশটি সেলাই পড়ে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন দেখে জানতে পারে, অভিযুক্ত চেতলায় রয়েছে। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)