• মহিলাদের কটূক্তি, মদ্যপদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের জালে ৭
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রতিমা আনার শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডোমজুড়ের সলপ এলাকায়। মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্যের প্রতিবাদকে ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা হয়। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। এই ঘটনায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশকর্মীও আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার গভীর রাতে সলপ বটতলা সংলগ্ন এলাকায় একটি ক্লাবের রক্ষাকালী পুজোর প্রতিমা নিয়ে শোভাযাত্রা চলছিল। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করছিলেন স্থানীয় কয়েকজন মহিলা। অভিযোগ, শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন যুবক তাঁদের উদ্দেশে কটূক্তি করে। এ নিয়ে প্রতিবাদ করেন মণ্ডলপাড়ার বাসিন্দারা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

    স্থানীয়দের দাবি, অভিযুক্তদের একাংশ মদ্যপ অবস্থায় ছিল। প্রতিবাদের জেরে তারা লাঠি, বাঁশ সহ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবের কোনো পদাধিকারী বা সদস্য প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই তাঁরা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)