প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
বর্তমান | ২২ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মধ্য হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা হাওড়া পুরসভার প্রাক্তন বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসকে ঘিরে শনিবার রাতে উত্তেজনা ছড়ায়। কাসুন্দিয়া রোডে তিনি যখন দাঁড়িয়ে ছিলেন, সেই সময় আচমকা একদল যুবক তাঁর দিকে ডিম ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ‘বর্তমান’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশ্বনাথ দাসকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি একাধিক অভিযোগও তুলেছেন ওই যুবকরা। তাঁদের দাবি, কাউন্সিলার থাকাকালীন তিনি প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অনিয়মে মদত দিয়েছেন। প্রোমোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে ভিডিয়োতে। এমনকি, একটি চালের দোকান বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়। বিক্ষোভকারীদের আরও দাবি, ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক আবাসনের বাসিন্দাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা করা হয়েছে। বিভিন্ন নির্মাণ প্রকল্পে কাটমানি নেওয়া ও একাধিক বেআইনি নির্মাণের ক্ষেত্রে প্রাক্তন কাউন্সিলারের মদতের অভিযোগ করা হয়েছে। এলাকার শিশুদের জন্য নির্ধারিত একটি পার্ক বন্ধ করে রাখার জন্য তাঁকেই দায়ী করেছেন প্রতিবাদীরা।
রবিবার এ নিয়ে মুখ খুলেছেন বিশ্বনাথ দাস। তাঁর দাবি, কয়েকজন ‘তৎকাল বিজেপি’ কর্মী পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালিয়েছে। হামলার পর অভিযুক্তরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে সেখান থেকে চলে যায়। তবে পরে বিজেপির মধ্য হাওড়ার নেতৃত্ব ও কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন বলেও দাবি করেছেন তিনি। বিজেপির এক রাজ্য নেতাও ফোন করে ঘটনার নিন্দা করেছেন বলে জানান বিশ্বনাথবাবু। প্রাক্তন কাউন্সিলারের বক্তব্য, বিজেপি নেতৃত্ব তাঁকে জানিয়েছে, এই ধরনের আচরণ দলের আদর্শের পরিপন্থী। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও তাঁকে দেওয়া হয়েছে। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় কোনো অভিযোগ করবেন না। তাঁর কথায়, ‘যাঁরা এই কাজ করেছেন, একদিন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারবেন।’