নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: যোগ দিবসে ‘জল-যোগ’ করে শরীর সুস্থ রাখার বার্তা দিলেন ৭১ বছরের গোপল আদক। রবিবার হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর গ্রামের গোলাবাড়িতে ভারত সেবাশ্রম সঙ্ঘ আশ্রমের জলাশয়ে যোগ প্রদর্শন করলেন দেউলপুরের গোপাল আদক। বিশেষ উপায়ে যোগ প্রদর্শন করেন তিনি। প্রায় ৫৫ বছর ধরে বিভিন্ন জলাশয়, পুকুর এবং নদীতে জল-যোগ প্রদর্শন করেন তিনি। শুধু হাওড়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন যোগ দিবস উদযাপিত হয়।
রবিবার উত্তর ২৪ পরগনার বারাসত মহকুমায় নির্বিঘ্নে পালিত হল যোগ দিবস। এবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয় ছিল ‘যোগ ফর হেলদি এজিং’। বারাসত স্টেডিয়াম সহ প্রতিটি থানা এলাকায় এই দিনটি পালন করা হয় সরকারি নিয়মে। দক্ষিণ ২৪ পরগনার মূল অনুষ্ঠান হয়েছে সাগরে কপিলমুনির মন্দির প্রাঙ্গণে। জেলা প্রশাসনের আধিকারিক সহ পড়ুয়া ও সাধারণ মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। সমুদ্র সৈকতের একেবারে সামনে চলে যোগাসন। অন্যদিকে, সুন্দরবনে জেলার বনবিভাগের তরফে বকখালি সৈকতে যোগ দিবস পালন করা হয়েছে। এম আর বাঙ্গুরে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার অফিসে আয়ুষ বিভাগের পক্ষ থেকে পালিত হয় যোগ দিবস। বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে বনগাঁ স্টেডিয়ামে যোগ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর, মহকুমাশাসক শুভম মৌর্য, পুলিশ জেলার সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত, বাগদার বিধায়ক সোমা ঠাকুর প্রমুখ। বেলুড়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক মহিলা ও কিশোর-কিশোরী অংশ নেন। উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমারশাসক মানসকুমার মণ্ডল। বেলপুকুর কলেজের অনুষ্ঠানে শ্যামপুর বিধানসভার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। চুঁচুড়ার ইন্ডোর স্টেডিয়াম, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনসের মাঠে যোগ দিবস পালিত হয়। চুঁচুড়ায় বঙ্কিম নিবাস বন্দেমাতরম ভবনে এই কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পর যোগ দিবস পালন করা হয়। সরকারি উদ্যোগে ইমামবাড়ার ভিতরে যোগ দিবসে উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ। চন্দননগরে যোগ দিবসে অংশগ্রহণ করেন এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালী বসাক। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।
অন্যদিকে, শ্রীরামপুরে জনস্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। কল্যাণী স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে যোগ দিবসে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার সুপার আশীষ মৌর্য, কল্যাণীর মহকুমাশাসক সহ আরও অনেকে। শিমুরালি শচীনন্দন কলেজ অব এডুকেশনে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আন্তর্জাতিক যোগ দিবসে নিজের শরীরের পাশাপাশি সুন্দরবনকে সুস্থ ও সুরক্ষিত রাখার বার্তা দিলেন বনদপ্তরের কর্মীরা। এদিকে, গড়িয়া মৈত্রী সংঘের খেলার মাঠে যোগ দিবসের মঞ্চে উত্তেজনা ছড়ায় বলে খবর। বিশিষ্ট সমাজসেবী অঞ্জন দে’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার বিধায়ক পাপিয়া অধিকারীও। অভিযোগ, এখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়, যা মুহূর্তের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিজস্ব চিত্র