• Breaking News Live: গড়িয়াহাট বাজার পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
    এই সময় | ২২ জুন ২০২৬
  • বলিউডের অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর ভয়াবহ হামলা। পুলিশ জানিয়েছে, বিহারের গোপালগঞ্জের মাধোপুর থানা এলাকার বেলসান্দ গ্রামে তাঁর বাড়ির সামনেই বিজেন্দ্রনাথ ত্রিপাঠীর উপর রবিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। একাধিকবার কোপানো হয় তাঁকে। তিনি গুরুতর জখম হয়েছেন। গোপালগঞ্জের সদর হাসপাতাল থেকে তাঁকে পাটনার AIIMS হাসপাতালে 'রেফার' করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমিজায়গা সংক্রান্ত পুরোনো কোনও শত্রুতার জেরে বলিউড অভিনেতার দাদার উপর হামলা হয়। হামলায় বিজেন্দ্রর প্রতিবেশীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের। সদর এলাকার SDPO রাজেশ কুমার জানিয়েছেন, আততায়ীরা কুড়ুল ও হাঁসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আততায়ীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

    সোমবার সাতসকালে গড়িয়াহাট বাজারে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজার পরিদর্শন করতেই এ দিন গড়িয়াহাটে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। দোকানের সামনে আবর্জনার স্তূপ, হকারদের ফুটপাত দখল নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী।

    পশ্চিম সিডনির একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড বাঙ্কার থেকে ২.৭ টন কোকেন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ কোকেন আগে কখনও উদ্ধার হয়নি। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া কোকেনের দাম ৫০০ মিলিয়ন ডলার। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার ওই আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে তল্লাশি চালানো হয়। বাঙ্কারে ফলস সিলিং লাগানো ছিল। তা সরিয়ে দেখা যায়, তিনটি শিপিং কন্টেনার ঠাসা কোকেন মজুত রয়েছে। যে বাড়িতে ওই বাঙ্কার ছিল, সেই বাড়ির ২১ ও ২৫ বছর বয়সি দুই তরুণ পুলিশ দেখে পালানোর চেষ্টা করছিল। তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পরে ও ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, উত্তর কুইনসল্যান্ডের ছোট শহর মিজ পয়েন্ট থেকে ওই কোকেন অস্ট্রেলিয়ায় আনা হয়েছিল। পুলিশ এও জানিয়েছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাবাস নিশ্চিত।

    প্রবল বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে জলপাইগুড়ির মূর্তিতে নদীর বাঁধ। জল ঢুকতে শুরু করেছে গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যার ফলে সোমবার বাঁধ মেরামতের দাবিতে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অন্য়দিকে, ভারী বৃষ্টি জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তায়। যে কোনও মুহূর্তেই জল রাস্তায় চলে আসতে পারে। সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা-পেশোক রোড।

    বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। যার জেরে হাঁসফাঁস গরম থেকে মিলেছে মুক্তি। সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

    বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ওডিশার পরিবহণ দপ্তরের মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ জেনা। বছর ২৪ বয়সি ওই যুবক BCA (Bachelor in Computer Application) পড়ুয়া ওই ছাত্রীর বন্ধু ছিলেন। বছর ২০ বয়সি ওই ছাত্রী গঞ্জাম জেলার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। গত শনিবার কলেজের হস্টেলের একটি ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বেরহামপুর জেলার পুলিশ সুপার সারাভানা বিবেক এম জানিয়েছেন, ছাত্রীর কাকা গোলানথারা থানায় বিশ্বজিতের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

    রাজ্য়ে পালাবদলের পরে বিজেপি সরকারের প্রথম বাজেট বিধানসভায় পেশ হবে সোমবার। দুপুর ১২টায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন এই বাজেট নিয়ে রাজ্যবাসীর প্রত্যাশার শেষ নেই। এখন দেখার বাজেটে কী কী ঘোষণা হতে চলেছে।

  • Link to this news (এই সময়)