বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। যার জেরে হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেয়েছেন রাজ্যবাসী। তবে ঝড়বৃষ্টি শুরু হতেই বেহাল দশা রাস্তাঘাটের। বৃষ্টির দাপটে কোথাও জমছে জল, আবার কোথাও ভেঙে পড়েছে বড় বড় গাছ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
সোমবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনভর মোটের উপর মেঘলাই থাকবে কলকাতার আকাশ। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হড়পা বানের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে।