আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ডিসেম্বরে যুবভারতীতে মেসি কাণ্ডে গত ১৮ জুন (বৃহস্পতিবার) প্রথম হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই ঘটনার তদন্তে তাঁকে আজ ফের তলব করা হয়েছে। আজ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে চলেছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী।
গত বৃহস্পতিবার অরূপ বিশ্বাসকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা। শতদ্র দত্তের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পাশাপাশি ওই দিন মাঠে যেভাবে লোক ঢোকানো হয়েছিল এবং তার জন্য যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইসব বিষয়ে এদিন অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।
মেসি কাণ্ডের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে ছেঁটে দিয়েছিলেন অরূপ বিশ্বাসকে। পালাবদলের পর ওই ঘটনা ফের সামনে আসে। প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। তার পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে পুলিশ। একাধিক নোটিশ দিলেও তা এড়িয়ে যান অরূপ বিশ্বাস।
এর মধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদনের ভিত্তিতে রক্ষাকবচ চেয়ে মামলাও করেন প্রাক্তন মন্ত্রী। শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয় আদালত। বলা হয়, তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু সেসবকে তুচ্ছ করে কার্যত অন্তরালে চলে যান অরূপ।
তৃতীয় নোটিসের পরও হাজিরা না দেওয়ায় গত মঙ্গলবার আল্টিমেটাম দিয়েছিল পুলিশ। জানানো হয়, হাজিরা না দিলে এই ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে পরবর্তী পদক্ষেপের জন্য আদালতকে গোটা বিষয় জানানো হবে। শেষমেষ বৃহস্পতিবার সকাল ৯.৫৫ নাগাদ হঠাৎই অরূপ পৌঁছ যান বিধাননগর দক্ষিণ থানায়।
সেদিন থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে অরূপ বলেছিলেন, "তদন্তের স্বার্থে আমি প্রকাশ্যে কিছু বলব না।"