• মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
    প্রতিদিন | ২২ জুন ২০২৬
  • মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’। উদ্ধব ঠাকরের শিব সেনা ছেড়ে সোমবারই একনাথ শিণ্ডের শিবিরে যোগ দিতে চলেছেন ৬ বিদ্রোহী সাংসদ। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। দুপুর তিনটে নাগাদ আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব হতে পারে বলে খবর।

    এদিকে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার দুপুর আড়াইটে নাগাদ উদ্ধবের শিব সেনা দলীয় কার্যালয়ে সমস্ত বিধায়ক এবং বিধান পরিষদ সদস্যদের নিয়ে একটি বৈঠক ডেকেছে। মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। বিদ্রোহের মাঝে দলকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে উদ্ধবের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে দলের পরবর্তী রণকৌশল তুলে ধরবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ৬ বিদ্রোহী সাংসদ যে শিণ্ডে শিবিরে যোগ দিতে চলেছেন, তা রবিবারই ঘোষিত হয়ে যায়। এরপরই মুখ খোলেন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। বলেন, “অপারেশন সফল। শরীর খুব ভালো অবস্থায় রয়েছে। কারও দুশ্চিন্তার প্রয়োজন নেই। যাদের আত্মসমীক্ষা প্রয়োজন, তাদের তা করা উচিত।”

    বলে রাখা ভালো, উদ্ধব সেনায় ভাঙনের জল্পনার মাঝেই গত বৃহস্পতিবার দিল্লিতে শিব সেনার সংসদীয় বৈঠকে সকল সাংসদকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দলের তরফে হুইপ জারি করা হলেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র ৩ জন। একসঙ্গে ৬ জনের অনুপস্থিতি বিজেপির শিব সেনায় ‘অপারেশন টাইগারের’ জল্পনা বাড়িয়ে তোলে। এই ঘটনায় শনিবার শিব সেনা (ইউবিটি)র মুখ্য সচেতক অনিল দেশাই বিদ্রোহী ৬ সাংসদকে শোকজ নোটিস ধরান। যেখানে বলা হয়েছে, কেন তাঁরা দলের বৈঠকে অনুপস্থিত ছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। যদি সাংসদরা জবাব না দেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তাঁরা দলের সদস্যপদ ত্যাগ করেছেন। এর ফলে দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, উদ্ধব সেনার ৬ বিদ্রোহী সাংসদ হলেন, নাগেশ আশিতকর, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, ওমপ্রকাশ রাজেনিম্বলকর, ভাওসাহেব ওয়াকচুরে।
  • Link to this news (প্রতিদিন)