• শাসনে পতাকা টাঙানো ঘিরে বিজেপি ও সিপিএমের সংঘর্ষ
    বর্তমান | ২২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সিপিএমের পতাকা টাঙানোকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা দেখা দিল শাসনে। এনিয়ে বিজেপি ও সিপিএমের সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন। প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। শাসন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনায় এক সিপিএম সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে।

    এক সময়ে শাসনে ছিল বামেদের লাল দুর্গ। ২০১১ সালে রাজ্যে পালাবদল হওয়ার পর এই এলাকা তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনের পর ফের বামেরা নিজেদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেছে। বিভিন্ন কর্মসূচিও করছে তারা। শনিবার রাতে শাসনের বোকুন্ডায় সিপিএমের পতাকা টাঙানোর কর্মসূচি ছিল। বিজেপির অভিযোগ, সিপিএমের লোকজন তাঁদের দলীয় কার্যালয় ও একটি ক্লাবে জোর করে পতাকা টাঙাচ্ছিলেন। তখন দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে মারপিটে জড়ায় সিপিএম ও বিজেপি কর্মীরা। উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন।

    প্রতিবাদে রাতেই বিজেপি টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিজেপি নেতা গণেশ ঘোষ বলেন, তৃণমূলের লোক নিয়ে সিপিএম আমাদের একটি কার্যালয় ও একটি ক্লাব দখল করে পতাকা টাঙাতে আসে। আমরা বাধা দেওয়াতে হামলা চালায়। আমাদের কর্মীদের মারধর করে। এক সিপিএমের কর্মীকে আমরা ধরে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছি। অন্যদিকে সিপিএম নেতা শাহ আলম বলেন, ওরা অযথা আমাদের উপর হামলা চালায়। তৃণমূল আমাদের কর্মসূচিতে আছে, এটা পুরো মিথ্যা কথা।
  • Link to this news (বর্তমান)