তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন জলভাত। কালীঘাট থেকে কাকদ্বীপ, যেখানে সেখানে উড়ে আসছে ডিম। তবে এ বার আর ডিম ছুড়ে নয়, হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বিশ্বনাথ দাসের মাথায় একের পরে এক ডিম ভাঙা হলো। শনিবার রাতে শিবপুরের ওলাবিবিতলায় এই ঘটনা ঘটে। বিশ্বনাথ বলেন, ‘আমার পাড়ায় পুজো ছিল। আমি দাঁড়িয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে।’
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তবে সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি বিশ্বনাথ দাসকে ঘিরে দাঁড়িয়ে তাঁর মাথায় ডিম ভাঙছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতি ও বাচ্চাদের খেলা পার্ক বন্ধ করে রাখার অভিযোগ এলাকাবাসীদের একাংশের। যদিও বিশ্বনাথ দাসের দাবি, ‘আমি পাঁচ বছর হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলাম। কোনও দিন রাজনীতির রং দেখে কিছু করিনি। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস সকলের জন্য কাজ করেছি। কারও থেকে এক কাপ চা-ও খাইনি। তার পরে এই ঘটনা। এগুলো যারা করেছে, ৪ মে দুপুর পর্যন্ত তৃণমূল ছিল। পরে বিজেপির ঝান্ডা হাতে নিয়েছে।’