পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হলো সোমবার। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন, রাজ্যে এতদিন ধরে চলে আসা সমস্তরকম জনকল্যাণমূলক প্রকল্প চালু রাখা হবে। তবে প্রয়োজন অনুসারে সেগুলির কিছু পরিবর্তন করা হবে।
এ দিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।’ উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন, গত সরকারের আমলে চলা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু রাখা হবে। সেই মতো এ দিন পূর্ণাঙ্গ বাজেটে জানিয়ে দেওয়া হয়, প্রকল্পগুলি চালু থাকছে ঠিকই, তবে প্রয়োজন অনুসারে সেগুলি পরিবর্তন করা হবে।
উদাহরণস্বরূপ বলা যায়, গত সরকারের আমলে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করা হয়েছিল। সেই একই ধাঁচে বর্তমান সরকার ইতিমধ্যেই ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে। সেখানে সঠিক নিয়মবিধি মেনে যোগ্য প্রাপকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা হচ্ছে। এ ছাড়াও পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্য, বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্যের প্রকল্পগুলিও নতুন সরকার চালু রাখছে।