• রেলপথে জুড়বে তিন জেলা! মালদহে রেল যোগাযোগে নয়া গতি, শুরু হল গাজোল-ইটাহার নতুন রেললাইনের কাজ
    News18 বাংলা | ২২ জুন ২০২৬
  • দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে শুরু হল গাজোল-ইটাহার নতুন রেলপথ নির্মাণের প্রথম পর্যায়ের কাজ। কেন্দ্রের অনুমোদনের পর প্রকল্পের জন্য জমি জরিপের কাজ শুরু হ‌ওয়ায় নতুন আশার আলো দেখছেন মালদহ ও উত্তর দিনাজপুরের মানুষ। এই রেলপথ চালু হলে গাজোল থেকে ইটাহার হয়ে রায়গঞ্জ পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ গড়ে উঠবে।

    এদিন গাজোল থানা চত্বরে আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিশেষজ্ঞদের একটি দলকে জরিপের কাজ করেন। রেল সূত্রে জানা গিয়েছে, গাজোল রেলস্টেশন থেকে ইটাহার রেলস্টেশন পর্যন্ত প্রায় ২৭.২০ কিলোমিটার পর্যন্ত নতুন রেলপথ তৈরি করা হবে। গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বেঞ্চমার্ক স্তম্ভকে ভিত্তি করে রেললাইনের উচ্চতা, ঢাল ও সম্ভাব্য রুট নির্ধারণের কাজ চলছে। কলকাতার একটি বেসরকারি সংস্থার ছয় সদস্যের বিশেষজ্ঞ দল প্রাথমিক জরিপ শুরু করেছেন। সিনিয়র সার্ভেয়ার অরুণ মণ্ডল জানান, “কোথায় মাটি কাটতে বা ভরাট করতে হবে, কোথায় রেললাইনের বাঁক থাকবে এবং ট্রেনের ভারসাম্য বজায় রাখতে ‘সুপার এলিভেশন’ কতটা প্রয়োজন সবই এই জরিপের মাধ্যমে নির্ধারণ করা হবে।”

    এই বিষয়ে উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, “দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ থাকলেও রেলমন্ত্রীর কাছে দাবি জানানোর পর কাজ শুরু হয়েছে। এই রেলপথ নির্মিত হলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। পাশাপাশি আগামীতে মালদহ কোর্ট স্টেশন, বুলবুলচণ্ডি-সহ বিস্তীর্ণ এলাকার রেল যোগাযোগের উন্নতি করা হবে। এর ফলে মালদহে রেল যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।” উল্লেখ্য, ২০১২ সালে গাজোল-ইটাহার-রায়গঞ্জ হয়ে ডালখোলা পর্যন্ত নতুন রেলপথের অনুমোদন মিললেও প্রকল্পটি দীর্ঘদিন থমকে ছিল।
  • Link to this news (News18 বাংলা)