বিজেপি আগেই দাবি করেছিল, ‘ডায়মন্ড হারবার’-এ ভয়ের মডেল অতীত, এ বার ফলতায় ‘ভরসা’র মডেল হওয়ার অপেক্ষা। বাজেট ঘোষণাতেও পৃথক জায়গা করে নিল ফলতা। ফলতার পুনর্নির্বাচনের আগে একটি সভা থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ফলতার জন্য বিশেষ ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। সেই ঘোষণার ফল মিলল সোমবারের বাজেটে।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লককে একটি মডেল ব্লক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে, এই ব্লকের প্রাইমারি হেলথ সেন্টারকে ১০০ শয্যার গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে।
গ্রামীণ হাসপাতালে ‘Comprehensive Emergency Obstetric Care’ অর্থাৎ জরুরি ভিত্তিতে প্রসূতিদের সেবার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি এলাকায় নতুন অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকাতেও রয়েছে ফলতা।
ফলতায় একটি মহিলা কলেজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ‘ফলতা’ বিধানসভা কেন্দ্র। রাজ্যে দুই দফায় নির্বিঘ্নে বিধানসভা নির্বাচনের মাঝেই ফলতা বিধানসভা কেন্দ্রে কিছু বুথে ‘কারচুপির’ অভিযোগ ওঠে। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচন থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। এই কেন্দ্রে থেকে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা।