• বাজেট: বাংলায় বিপুল চাকরির ঘোষণা বিজেপি সরকারের
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন সরকারের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথম বাজেটেই চমক দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। বাজেট পেশের সময় স্বপন ঘোষণা করেন যে এক লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ করা। শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।

    এদিন পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, রাজ্যের দেনা রয়েছে বর্তমানে ৮.১৫ লক্ষ কোটি টাকা। এরপরে তিনি রাজ্যে শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেন। স্বপন বলেন, “রাজ্যের এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। এই এক লক্ষ শূন্য পদের মধ্যে ২০ হাজার পুলিশ, ৫০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী এবং এক হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ করা হবে।”

    তিনি আরও বলেন, “যেখানে প্রযোজ্য সেখানে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হবে। সরকারি চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের জন্য ছাড় দেওয়া হবে। এই ছাড় আগামী ২ বছর প্রযোজ্য হবে। এছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের নূন্যতম ২০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সরকারি নিয়োগ সংস্থাগুলিকে ইউপিএসসির মতো ধাঁচে আনা হবে।”

    গত ২৩ মে একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সব সরকারি দপ্তরে শূন্যপদের খতিয়ান চেয়েছিল নবান্ন। প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চায় তাই এই সিদ্ধান্ত। অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল যে, রাজ্যের বিভিন্ন দপ্তরে উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘ সময় ধরে খালি রয়েছে, তাই বর্তমান শূন্যপদের অবস্থার সংখ্যা জানা প্রয়োজনীয়। 

     
  • Link to this news (আজকাল)