• বাজেটে বিরাট ঘোষণা বিধায়কদের জন্য, বাড়ল তহবিলের টাকা
    আজকাল | ২২ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে একাধারে যেমন শিক্ষা-মহিলাক্ষমতায়ন-কর্মসংস্থান-ডিএ'র মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই বিরাট ঘোষণা করা হয়েছে রাজ্যের বিধায়কদের জন্য।

    সোমবার, নতুন সরকারের  প্রথম পূর্ণাঙ্গ বাজেটে, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, এবার থেকে বিধায়ক তহবিলের অর্থের পরিমাণ, ৭০ লক্ষ থেকে বাড়িয়ে করা হবে এক কোটি। 

    বিধায়ক তলবিল বিষয়টি কী? মূলত বিধায়করা তাঁদের নিজেদের এলাকায় জরুরি, স্থানীয় উন্নয়নমূলক কাজ যাতে সম্পন্ন করতে পারেন, সামান্য কাজের জন্য যাতে তাঁদের সেই মুহূর্তে সরকারের দ্বারস্থ না হতে হয়, সেই কারণে বিধায়কদের নির্দিষ্ট তহবিল থাকে। অর্থাৎ সেই টাকা দিয়ে, তিনি নিজের এলাকায় উন্নয়নমূলক, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন, রাজ্যে এতদিন পর্যন্ত বিধায়কদের তলবিলের টালা ছিল ৭০ লক্ষ, এবার থেকে এক কোটি টাকা বরাদ্দ করা হবে, এদিন বিধানসভায় সেই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 

    এদিন পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, রাজ্যের দেনা রয়েছে বর্তমানে ৮.১৫ লক্ষ কোটি টাকা। এরপরে তিনি রাজ্যে শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেন। স্বপন বলেন, 'রাজ্যের এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। এই এক লক্ষ শূন্য পদের মধ্যে ২০ হাজার পুলিশ, ৫০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী এবং এক হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ করা হবে।'

    তিনি আরও বলেন, 'যেখানে প্রযোজ্য সেখানে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হবে। সরকারি চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের জন্য ছাড় দেওয়া হবে। এই ছাড় আগামী ২ বছর প্রযোজ্য হবে। এছাড়াও সিভিল ডিফেন্স কর্মীদের নূন্যতম ২০ দিনের কাজের ব্যবস্থা করা হবে।'

     
  • Link to this news (আজকাল)