আজকাল ওয়েবডেস্ক: সোমবার নির্ধারিত সময়ে পেশ করা হল বিজেপির সরকার প্রথম বাজেট। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য পেশ করা হল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বিকশিত বাংলাই হবে এই বাজেটের লক্ষ্য বলে ঘোষণা করা হয়েছে। বাজেটে অন্যান্য ক্ষেত্রের মতোই শিক্ষাক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এ দিন স্বপন বলেন, "প্রাথমিকের মিড মে মিলে উপকরণ পিছু খরচ ১০ টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন স্কুলে পুষ্টিকর রান্নার জন্য মি়ড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হবে। কাঁথি, কালিয়াচক, তুফানগঞ্জ, ফলতায় মহিলা কলেজ গড়ে তোলা হবে। ঝাড়গ্রামে গড়ে তোলা হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়। যার জন্য বরাদ্দ করা হবে ১০০ কোটি টাকা। এ ছাড়া, ১০০ জন মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বরাদ্দ করা হবে। কলকাতায় একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে গড়ে তোলা হবে একটি আইআইটি, আইআইএম এবং একটি এমস। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তৈরি করা হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়।"
তিনি বলেন, "যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত সরকার ও সরকার পোষিত কলেজের পড়ুয়াদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।"
পাশাপাশি স্বপন বলেন, "প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যে বিনামূল্যের কোচিং সেন্টার চালু করা হবে। রাজ্যের প্রতিটি জেলায় এরকম বিনামূল্যের কোচিং সেন্টার থাকবে। রাজ্যে আদর্শ বিদ্যালয় গড়ে তোলার জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি, সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা।"