আজকাল ওয়েবডেস্ক: সরকারি আমলা হওয়ার বাসনা থাকে অনেকেরই। কিন্তু প্রস্তুতির অভাবে সেই সাধ পূরণ হয়না অনেকেরই। এ বার তাঁদের জন্য বাজেটে বড় ঘোষণা শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের। সোমবার দুপুর ১২টায় বাজেট পেশ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য পেশ করা হল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এ দিন হবু আমলাদের জন্য বিরাট ঘোষণা করলেন স্বপন।
এ দিন অর্থমন্ত্রী জানান, যাঁরা ইউপিএসসি বা ডব্লিউবিসিএস-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, তাঁদের সাহায্য করবে রাজ্য সরকার। আইএএস বা আইপিএস বা ডব্লিউবিএস অফিসার হওয়ার জন্য পদক্ষেপ করা হবে সরকারি তরফে। সরকার এবং সরকার পোষিত প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষার প্রতি আস্থা ফেরাতে ইউপিএসসি-র ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিভিন্ন সংস্থাকে আনা হবে।
তিনি জানান, রাজ্য সরকারের কেন্দ্রের আদলে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এ জন্য সরকারি তরফে নিউটাউনে প্রায় পাঁচ একর জমি বরাদ্দ করা হবে। পাশাপাশি, নিয়োগের পর সরকারি কর্মীদের দক্ষতা বাড়াতে জরুরি প্রশিক্ষণ। এ জন্য রাজ্যের সরকারি আমলাদের কর্মদক্ষতা বাড়াতে 'যে কোনও সময়, যে কোনও স্থানে, যে কোনও ডিভাইস'-এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনেই হবে প্রশিক্ষণ। এ জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে 'আইজিওটি বা মিশন কর্মযোগী' বাস্তবায়িত করা হবে।
উল্লেখ্য, সোমবার শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। বাজেট পেশের দিন একাধিক প্রস্তাব রাখেন স্বপন দাশগুপ্ত।