বাজেটে সবচেয়ে বড় চমক কী থাকছে? জানালেন অর্থমন্ত্রী
আজকাল | ২২ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে প্রথম বিজেপি সরকার। সেই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেট কেমন হবে? জনমুখী? সংস্কারমুখী? কথা থাকবে চাকরির? থাকবে শিক্ষা-শিল্পের জন্য বড় ঘোষণা? গত কয়েকদিন ধরেই এই জল্পনা তুঙ্গে। জল্পনার নিরসন হবে কয়েক মিনিটেই।
ঠিক তার আগে, বাড়ি থেকে বেরিয়ে বিধানসভায় গিয়ে পুজো দিলেন অর্থমন্ত্রী। তাঁকে দই খাইয়ে মিষ্টিমুখ করান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে বাজেট পেশের আগে, বাড়ি থেকে বেরনোর সময়, অর্থমন্ত্রী বাজেট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আজ বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাড়ি থেকে বিধানসভায় রওনা দেওয়ার আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, 'চমক হয়তো কিছু থাকবে না। রাজ্যের আর্থিক ব্যবস্থার হাল ফেরানোর চেষ্টা করব।' সঙ্গেই জানিয়েছেন, এই বাজেট হবে নতুন-পুরনোর মিশেল।
গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল তৃণমূল সরকার। তারপরেই, এবার, প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে বিজেপি সরকার।