• ক্রীড়াক্ষেত্রে বিপুল বরাদ্দ, স্পোর্টস বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গে নতুন স্টেডিয়াম
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৬
  • বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহলের আগ্রহ ছিল তুঙ্গে। সোমবার বাজেটে ক্রীড়াক্ষেত্রের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

    বাজেট পেশের আগে অর্থমন্ত্রী জানান, রাজ্যের আর্থিক সামর্থ্য বিবেচনা করেই উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর মতে, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং অর্থনৈতিকভাবে আধুনিক  ও প্রগতিশীল বাংলা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। সেই ভাবনারই প্রতিফলন দেখা গেল ক্রীড়া খাতে বরাদ্দ ও প্রকল্প ঘোষণায়।

    ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে রাজ্যে চালু করা হবে খেলো ইন্ডিয়ার আদলে বিশেষ কর্মসূচি। পাশাপাশি শুরু হবে থ্রিডি অ্যানিমেশন কোর্স এবং গড়ে তোলা হবে একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয়। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা। এছাড়া রাজ্যের প্রতিটি বিধানসভায় এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে।

    ক্লাবগুলির জন্যও রয়েছে বড় ঘোষণা। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের চাকরির সুযোগ দেওয়ার পাশাপাশি পুরস্কার বাবদ ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    সরকারের লক্ষ্য, অলিম্পিক, কমনওয়েলথ গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করা। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আগেই জানিয়েছিলেন, প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে, নতুন উদ্যোগগুলি বাস্তবায়িত হলে আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)