• গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী পরিচ্ছন্নতা ও দখলদারি নিয়ে কড়া বার্তা
    দৈনিক স্টেটসম্যান | ২২ জুন ২০২৬
  • রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর বাজার ও জনপরিসরে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। সেই লক্ষ্যেই সোমবার সকালে গড়িয়াহাট মার্কেট পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিক ও কর্মীরা। বাজার পরিদর্শনের সময় মাছের বাজারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

    যত্রতত্র মাছের আঁশ,আবর্জনা এবং নোংরা জল জমে থাকতে দেখে তিনি ক্ষোভ উগরে দেন। নর্দমা থাকা সত্ত্বেও জল নিষ্কাশনে সমস্যা কেন হচ্ছে তা খতিয়ে দেখে দেখা যায়, মাছের আঁশ জমে নর্দমার মুখ বন্ধ হয়ে রয়েছে। এরপর ব্যবসায়ীদের মাছের আঁশ পরিষ্কার করে তবেই জল ফেলার নির্দেশ দেন তিনি।

    পরিদর্শনের সময় একাধিক দোকানের সামনে অতিরিক্ত নির্মাণও নজরে আসে। সরকারি জমি দখল করে দোকান সম্প্রসারণের অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি জায়গা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না এবং নিয়ম ভাঙলে জরিমানার মুখে পড়তে হবে।

    বাজারের পরিবেশ ও পরিকাঠামোর উন্নতির জন্য ব্যবসায়ীদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে ১ জুলাই থেকে জরিমানাসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তীতে তিনি নিজে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেও জানান।

    মাছের বাজারের পাশাপাশি ফলের বাজারও ঘুরে দেখেন মন্ত্রী। শুধু ব্যবসায়ীদের নয়, পুরসভার কর্মীদের সতর্ক করে তিনি বলেন, পরিচ্ছন্নতা ও নজরদারির ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।পরিদর্শনের শেষে অগ্নিমিত্রা বলেন, নতুন সরকারের আমলে নিয়ম মেনেই কাজ হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থও নয়, জনস্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)