মূল্যবান জিনিসপত্র থেকে নগদ টাকা সব গায়েব, ঘর খুলেই মাথায় আকাশ ভেঙে পড়ল
News18 বাংলা | ২২ জুন ২০২৬
ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান কাঁসার বাসনপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবার দেখাশোনা করতে বাড়ির বাইরে যান। সেই সময় বাড়িটি প্রায় ফাঁকাই ছিল। গত শনিবার তাঁর স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গেলেও কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি। তবে রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে মূল দরজা খুলতেই তাঁদের চোখে পড়ে ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা। পরে বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখে তাঁদের সন্দেহ হয় যে চোরেরা আগেই বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে ভিড় জমান। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ফাঁকা থাকা বাড়িগুলির নিরাপত্তা নিয়ে প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।
কিরণবালা রায় জানান, দুষ্কৃতীরা বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে। বিয়ের সময় পাওয়া মূল্যবান কাঁসার বাসনপত্র, কিছু নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী নিয়ে চোরেরা চম্পট দেয়। ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা বাড়িতে প্রবেশ করল, কত টাকার সম্পত্তি খোয়া গিয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর আশা, দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করবে পুলিশ এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হবে।