এবার মিড-ডে মিলে মাছ-ভাত! মথুরাপুরের স্কুলে চেটেপুটে খাবে পড়ুয়ারা
News18 বাংলা | ২২ জুন ২০২৬
: স্কুলের সামনে রয়েছে জলাশয়। কিন্তু সেই জলাশয় কোনও কাজে লাগত না সেভাবে। তবে এবার জলাশয়কে ঘিরে আশার আলো দেখছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ। স্কুলের এই জলাশয়কে নিয়ে করা হয়েছে একাধিক পরিকল্পনা। ঘটনাটি মথুরাপুর ২ নং ব্লকের চাপলার।
এখানে চাপলা নিম্ন বুনিয়াদি স্কুলে কিচেন গার্ডেন করা হচ্ছে। যেখান থেকে সবজি যাবে মিড-ডে মিলে। শুধু সবজি গেলে চাহিদা পূরণ হবে না। সেজন্য স্কুলের সেই পড়ে থাকা জলাশয় সংস্কার করে করা হবে মাছ চাষ। সেই মাছ পড়বে খুদে পড়ুয়াদের পাতে। স্কুলের মিড-ডে মিলে এইভাবে সবজি ও মাছ যোগান দিয়ে স্বনির্ভর হবে স্কুল। এতে মিড-ডে মিলের খরচ কমবে। বাড়বে পুষ্টির যোগান। এই ঘটনা নিয়ে খুশি স্কুলের প্রধান শিক্ষক শেখর হালদার থেকে শুরু করে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও। জোরকদমে এই কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই এই জলাশয় পরিদর্শন করেছেন পরিদর্শকরা। পুকুরটিকে সংস্কার করে বর্ষার জল ধরে রাখার মতো পরিকল্পনা করা হয়েছে। গরমের সময় সেই জল দিয়ে যাতে স্কুলের কাছের জমিতে চাষ করা যায় তার পরিকল্পনা চলছে। যে পুকুর এতদিন কোন কাজেই আসত না, সেটিকে এবার ব্যবহার করে কাজে লাগানো হবে।
এছাড়াও জলাশয়ের পাড়ে নারকেল গাছ বসানোর পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিকমতো চললে। এই জলাশয় থেকে সামনের বছরেই লাভ হতে শুরু করবে। এই পরিকল্পনা পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আরও অন্যান্য স্কুলে এই কাজ করা হবে। এই এলাকায় যে জলের সমস্যা রয়েছে। গরমের সময় চাষের জল পাওয়া যায় না। তা এই পুকুর সংস্কার করে সেই জল দিয়ে মেটানো যায় কিনা তা দেখা হচ্ছে।