বর্ষায় মাছ চাষে এইসব ভুল করলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে, শিখে নিন বিশেষজ্ঞের 'নিনজা টেকনিক'
News18 বাংলা | ২২ জুন ২০২৬
বর্ষায় মাছ চাষে বাড়ে একাধিক সমস্যা, আগাম সতর্কতার পরামর্শ অভিজ্ঞ মৎস্যচাষীর। বর্ষার সময় মাছ চাষে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয় মৎস্যচাষীদের। বিশেষ করে সুন্দরবন এলাকার জলকরের ঘেরিগুলিতে অতিরিক্ত বৃষ্টির ফলে জলের গুণগত মানের পরিবর্তন হওয়ায় মাছ ও চিংড়ি চাষে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ফলে এই সময় ঘেরের ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মৎস্যচাষীরা।
এই বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মৎস্যচাষী কার্তিক দাস জানান, বর্ষাকালে টানা বৃষ্টির কারণে মাছ চাষের জলাশয়ের জলে লবণাক্ততার মাত্রা অনেকটাই কমে যায়। সুন্দরবনের বহু এলাকায় নোনা জলের মাছ ও চিংড়ি চাষ হয়। হঠাৎ করে লবণাক্ততা কমে গেলে মাছ ও চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এমনকী অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে।
তিনি আরও জানান , অতিরিক্ত বৃষ্টির ফলে জলের পিএইচ (pH) এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রারও পরিবর্তন ঘটে। এর ফলে মাছ দুর্বল হয়ে পড়ে এবং সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বর্ষার সময়ে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পায়। কার্তিক দাসের কথায়, টানা বর্ষণে অনেক সময় ঘেরের বাঁধ দুর্বল হয়ে পড়ে বা ভেঙে যায়। ফলে ঘের উপচে মাছ বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
পাশাপাশি বাইরের জল প্রবেশের সঙ্গে অবাঞ্ছিত মাছ ও বিভিন্ন শিকারি প্রাণীও ঘেরে ঢুকে পড়তে পারে, যা চাষের জন্য ক্ষতিকর। এই পরিস্থিতিতে নিয়মিত জলের গুণমান পরীক্ষা করা, প্রয়োজন অনুযায়ী চুন ও খনিজ পদার্থ প্রয়োগ করা এবং ঘেরের বাঁধ নিয়মিত পর্যবেক্ষণ করে মেরামত করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, বর্ষাকালে একটু বেশি সতর্ক থাকলেই অনেক ক্ষতি এড়ানো সম্ভব।