অপেক্ষার অবসান, রোগী পরিষেবায় বড় উপহার কালনা হাসপাতালে! ৭ দিনেই খুলছে এক্সটেনশন ওয়ার্ড
News18 বাংলা | ২২ জুন ২০২৬
: কালনা মহকুমা হাসপাতালের রোগী পরিষেবায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। আগামী সপ্তাহেই হাসপাতাল চত্বরে চালু হতে চলেছে মেল মেডিসিন বিভাগের নতুন এক্সটেনশন ওয়ার্ড। আনুমানিক ৪০ শয্যা বিশিষ্ট এই ওয়ার্ড চালু হলে কালনা মহকুমা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার রোগী সরাসরি উপকৃত হবেন বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কালনা মহকুমা হাসপাতালের মেল মেডিসিন বিভাগে ৭০ শয্যার একটি ওয়ার্ড রয়েছে। কিন্তু প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় প্রায়ই শয্যা সংকট দেখা দেয়। অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, বাধ্য হয়ে একটি বেডেই দু’জন রোগীকে রাখতে হয়। এতে যেমন রোগীদের অসুবিধা হয়, তেমনই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও রোগী পরিষেবায় নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যার সমাধান করতেই হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে মর্গ সংলগ্ন এলাকায় অবস্থিত পুরনো আইডব্লিউ (IW) ওয়ার্ডটিকে সংস্কার করে নতুন মেল মেডিসিন এক্সটেনশন ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে।
ইতিমধ্যেই সেখানে জঙ্গল পরিষ্কার, ঘরদোর সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ জোরকদমে চলছে। পাশাপাশি রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে জানালাগুলিতে নেট লাগানোর কাজও শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, নতুন এই ওয়ার্ড চালু হলে রোগীদের আরও উন্নত ও সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব হবে। শয্যা সংকট অনেকটাই কমবে এবং রোগীদের আর অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থাকতে হবে না।
হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় হিমালয় মুখার্জি বলেন, “কালনা মহকুমা হাসপাতালে প্রতিদিনই প্রচুর রোগী ভর্তি হন। অনেক সময় বেড না পেয়ে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সমস্যায় পড়তে হয়। নতুন ৪০ শয্যার ওয়ার্ড চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে। রোগীরা স্বস্তিতে চিকিৎসা করাতে পারবেন এবং হাসপাতালের উপর বাড়তি চাপও কিছুটা হ্রাস পাবে। এই উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” নতুন এই ওয়ার্ড চালুর খবরে ইতিমধ্যেই খুশির হাওয়া বইতে শুরু করেছে কালনার সাধারণ মানুষের মধ্যে। তাঁদের আশা, এর ফলে হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা আরও ভাল চিকিৎসা সুবিধা পাবেন।