• রাজ্যে প্রথম জেলা পরিষদ পেল বিজেপি, পূর্ব মেদিনীপুর দিয়েই শুরু
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • শুভেন্দু অধিকারীর জেলা থেকেই রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এ বার বিজেপির দখলে। নতুন সভাধিপতি মনোনীত হলেন বামদেব গুছাইত। সোমবার সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে সংবর্ধনা দেওয়া হয় নব নির্বাচিত সভাধিপতি ও সহ সভাধিপতিকে। কিছু দিন আগেই সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন উত্তম বারিক। সহ সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন সুহাসিনী করও। বোর্ড ভেঙে যায় জেলা পরিষদের। এ বার বিজেপির হাতে সেই বোর্ড।

    পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট ৭০টি আসন। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতেছিল ৫৬টিতে, বিজেপি জেতে ১৪টিতে। এর মধ্যে দু’জন সদস্যের মৃত্যু হয়েছে। রাজ্যে পালাবদলের পরে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। সোমবার সাধারণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় তৃণমূলের সাত জন সদস্য অনুপস্থিত ছিলেন।

    তৃণমূলের ৪৭ এবং বিজেপির ১৪ জন সদস্য মিলিয়ে মোট ৬১ জনের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারি সভাধিপতি নির্বাচিত হন। জয়দেব মিদ্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের নাম উত্থাপন করেন সভাধিপতি পদের জন্য। সভায় উপস্থিত সকলেই সমর্থন করেন।

    এ দিন সভাকক্ষে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি জানান, এখন আর ডাবল ইঞ্জিন নয়, পাঁচ ইঞ্জিন। অর্থাৎ কেন্দ্র, রাজ্য, জেলাপরিষদ, সাংসদ, বিধায়ক সব বিজেপির। সকলকে নিয়েই আগামিদিনে উন্নয়ন হবে।

    নবনির্বাচিত সভাধিপতি বামদেব গুছাইত বিরোধী দলনেতা হিসেবে কাজ করে এসেছেন। এখন তাঁর উপরে গুরুদায়িত্ব। তিনি বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভাবে পথ দেখাবেন, সেই পথেই এগিয়ে সকলকে নিয়ে জেলার উন্নয়ন হবে।’ তৃণমূলের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র বলেন, ‘রাজ্য জুড়ে উন্নয়নের পথে আমরাও চাই জেলায় উন্নয়ন হোক।’

  • Link to this news (এই সময়)