• জনকল্যাণ শিবিরে গিয়ে নিখোঁজ গৃহবধূ, মোবাইলের শেষ লোকেশন বিহারে!
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • জনকল্যাণ শিবিরে গিয়ে গায়েব গৃহবধূ! ধূপগুড়ি বিডিও অফিসে জনকল্যাণ শিবিরে গিয়ে উধাও গৃহবধূ। মিলল বিহারে মোবাইলের হদিস। গৃহবধূ কোথায়? রহস্যজনক ঘটনায় উদ্বিগ্ন ধুপগুড়ি। আঁধার কার্ডের সমস্যা নিয়ে তা সংশোধনে গিয়েছিলেন জনকল্যাণ শিবিরে বছর ২৪ এর ওই গৃহবধূ। তারপর থেকেই যেন হাওয়ায় কর্পূরের মত মিলিয়ে গিয়েছেন ২৪ বছরের এক গৃহবধূ। দু’দিন কেটে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। তবে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিখোঁজ হওয়ার পর তাঁর মোবাইল ফোনের শেষ লোকেশন মিলেছে বিহারের কিষাণগঞ্জে। আর সেই তথ্য ঘিরেই দানা বাঁধছে নতুন রহস্য।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড় আলতাগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢ্যাংকালী এলাকার বাসিন্দা বিপ্লব সরকারের স্ত্রী রত্না রায় (২৪) গত ১৭ জুন বাবার বাড়ি ধূপগুড়ির ৯ নম্বর ওয়ার্ডে আসেন। পরদিন সকাল ১০ টার দিকে আধার কার্ডের সমস্যার জন্য জন্য ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে আয়োজিত জনকল্যাণ শিবিরে যান। পরিবারের দাবি, সেখানেই তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে আর কোনও খোঁজ নেই।

    দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজন থেকে পরিচিতদের বাড়ি সব জায়গায় খোঁজ চালিয়েও মেলেনি কোনও সন্ধান। শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার দ্বারস্থ হন রত্নার বাবা উপেন রায়।পরিবারের দাবি, চার বছরের সন্তানের মা রত্না নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই মোবাইলের সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ফোন ট্র্যাক করে দেখা যায় সেটির সর্বশেষ অবস্থান বিহারের কিষাণগঞ্জ এলাকায়। প্রশ্ন উঠছে, কীভাবে ধূপগুড়ি থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে বিহারে পৌঁছল তাঁর মোবাইল? ফোনটি কি তাঁর কাছেই রয়েছে, নাকি অন্য কারও হাতে? উত্তর খুঁজছে পুলিশ। এদিকে চার বছরের মেয়ে মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। রাতের বেলা ঘুমের মধ্যে মাকে ডাকছে। বাচ্চার বাবাও মেয়ের খোঁজ নেয় না বলে অভিযোগ।

    এদিকে, গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় নানা জল্পনা শুরু হয়েছে এলাকায়। পরিচিত কারও সঙ্গে যোগাযোগ ছিল কি না, কিংবা অন্য কোনও কারণে তিনি স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছেন কি না, সেই সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিতে নারাজ তদন্তকারী পুলিশ। ধূপগুড়ি ডাউকিমারি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। বিহার পুলিশ-সহ বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত এগোচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিতে গিয়ে নিখোঁজ হওয়া ওই গৃহবধূর খোঁজ মিলবে কবে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবার থেকে শুরু করে গোটা এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)