• এবার কি বিচার পাবেন সেই বরুণ বিশ্বাস! মুখ্যমন্ত্রীর কাছে ফের তদন্তের আবেদনে আশাবাদী গোটা সুটিয়া
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • সুটিয়া গণধর্ষণ ও বরুণ বিশ্বাস হত্যামামলা পুনর্তদন্তের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিশ্বাস পরিবার। উত্তর ২৪ পরগনার বহুল আলোচিত সুটিয়া গণধর্ষণ কাণ্ড এবং শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলার তদন্ত পুনরায় শুরু করার দাবিতে সরব হলেন বরুণ বিশ্বাসের পরিবার। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

    সরকারের তরফ থেকেও মামলাটি পুনরায় খতিয়ে দেখার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে বলে দাবি পরিবারের। উল্লেখ্য, ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন শিক্ষক ও সমাজকর্মী বরুণ বিশ্বাস। সুটিয়ায় দীর্ঘদিন ধরে চলতে থাকা নারী নির্যাতন ও গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তিনি। এলাকায় অসামাজিক কার্যকলাপ-সহ গণধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মুখ হয়ে ওঠায়, তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

    বরুণ বিশ্বাসের পরিবার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, এই হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীরা এখনও আইনের আওতার বাইরে। পরিবারের দাবি, প্রাক্তন মন্ত্রী তথা হাবরার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম একাধিকবার অভিযোগে উল্লেখ করা হলেও সেই অভিযোগের যথাযথ তদন্ত হয়নি। যদিও এই অভিযোগ নিয়ে আদালতে কোনও চূড়ান্ত রায় হয়নি। বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বলেন, ‘এক যুগেরও বেশি সময় কেটে গেলেও মামলার বিচার সম্পূর্ণ হয়নি। অভিযুক্তদের একাংশ বর্তমানে জামিনে মুক্ত।’

    পরিবারের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে তাঁদের অভিযোগের কোনও সুরাহা হয়নি। তবে বর্তমান সরকারের কাছে নতুন করে তদন্তের আবেদন জানানো হয়েছে। বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর দফতর, বনগাঁ পুলিশ সুপার এবং বনগাঁ জিআরপির কাছে পুনর্তদন্তের আবেদন করা হয়েছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও বিষয়টির সুষ্ঠু তদন্তের পক্ষে মত প্রকাশ করেছেন বলে তিনি দাবি করেন। এদিকে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

    রাজনৈতিক মহলের একাংশের মতে, মামলার তদন্ত নতুন করে শুরু হলে এই ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য তৈরি হতে পারে। ফলে বেকার দায়ে পড়তে পারেন জ্যোতিপ্রিয়। বরুণ বিশ্বাসের পরিবার এবং সুটিয়ার বাসিন্দারা এখন অপেক্ষায়, সরকারের তরফ থেকে পুনরায় বরুণ বিশ্বাস খুনের তদন্ত শুরু হবে, প্রকৃত দোষীরা সাজা পেলেই শান্তি মিলবে বরুনের আত্মার শান্তি। আর মাত্র কয়েকদিন পর বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী, এর মধ্যেই সরকারের তরফ থেকে এই মামলা পুনরায় তদন্ত করার জন্য সবুজ সংকেত দেওয়া হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে।
  • Link to this news (News18 বাংলা)