• বর্ষায় আর ট্রেন বাতিলের আশঙ্কা? আগেভাগেই বড় প্রস্তুতি দক্ষিণ-পূর্ব রেলের
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  •  প্রতি বছর বর্ষার মরশুমে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে রেল ট্র্যাকে জল জমে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ার চিত্র কম-বেশি সবারই চেনা। জলমগ্ন রেল লাইনের কারণে বিঘ্নিত হয় সাধারণ মানুষের জনজীবন, থমকে যায় ট্রেনের গতি। তবে এই বছর বর্ষা নামার আগেই কোমর বেঁধে মাঠে নেমেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। যাত্রী স্বাচ্ছন্দ্য ও রেল পরিষেবা সচল রাখতে একগুচ্ছ আগাম ও নিশ্ছিদ্র প্রস্তুতি নেওয়া হয়েছে, যা সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের সুবিধার্থে প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    রেল লাইনের আশেপাশে এবং স্টেশনের সংলগ্ন এলাকায় যাতে কোনওভাবেই জল জমতে না পারে, তার জন্য ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। ড্রেন এবং জল যাওয়ার চ্যানেলগুলি থেকে সমস্ত আবর্জনা ও কাদা পরিষ্কার করা হচ্ছে, যার ফলে ভারী বৃষ্টি হলেও জল দ্রুত নেমে যাবে এবং ওয়াটার লগিং বা জল জমার সমস্যা এড়ান সম্ভব হবে। একই মত বর্ষার থাবা থেকে রেললাইনকে সুরক্ষিত রাখতে ট্র্যাক, ব্রিজ এবং অত্যন্ত সংবেদনশীল অবস্থানগুলিতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালান হচ্ছে। রেলের বিশেষজ্ঞ দল দিন-রাত এক করে এই সমস্ত জায়গা খতিয়ে দেখছেন যাতে কোনও রকম যান্ত্রিক বা পরিকাঠামোগত ত্রুটি না থাকে।

    খড়গপুর ডিভিশনের এক আধিকারিক বলেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সিগন্যালিং ব্যবস্থার। এই বিপর্যয় রুখতে সমস্ত সিগন্যাল পোস্ট এবং বৈদ্যুতিক সাব-সিস্টেমগুলি আগেভাগেই পরীক্ষা করা হচ্ছে। আধুনিক গ্যাজেট ব্যবহারের মাধ্যমে রেলের কর্মীরা নিশ্চিত করছেন যেন প্রতিকূল আবহাওয়ায় সিগন্যাল ব্যবস্থা সচল ও নিরাপদ থাকে। এর পাশাপাশি ভারী বর্ষণের সময় যেকোনও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি করা হয়েছে বিশেষ পেট্রোলিং টিম। এই দলগুলি প্রবল বৃষ্টির মধ্যেও রাত-দিন রেল ট্র্যাকে টহল দেবে এবং লাইনের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।

    দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানান হয়েছে যে প্রতিটি ঋতুতেই যাত্রীদের সফর নিরাপদ ও স্বস্তিদায়ক করাই তাদের প্রধান লক্ষ্য। ভারতীয় রেলের মূল মন্ত্র— “We serve with a smile” অর্থাৎ আমরা হাসিমুখে সেবা করি— অক্ষুণ্ণ রেখে বর্ষাতেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে তারা দায়বদ্ধ। রেল কর্তৃপক্ষের এই আগাম ও নিপুণ প্রস্তুতির জেরে এই বছরের বর্ষায় যাত্রীরা অনেকটাই দুশ্চিন্তামুক্ত এবং নিরাপদ সফর উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)