• রি-নিটের প্রশ্নফাঁস হয়নি, আশ্বাস এনটিএ কর্তৃপক্ষের
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রি-নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের আশঙ্কার কোনো কারণ নেই। এসংক্রান্ত যাবতীয় ভিডিও ভুয়ো। যারা এমন ভিডিয়ো ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সোমবার একথা সাফ জানিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যদিও পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহতই রয়েছে। এনটিএর অধিকর্তা অভিষেক সিং সোমবার জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে।’ 

    মেডিকেলে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট। ২০২৬ সালের যে নিট-ইউজি পরীক্ষা হয়েছিল, তাতে প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এর ফলে ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েই বড়োসড়ো প্রশ্নচিহ্ন উঠে যায়। সামগ্রিকভাবেই বিতর্ক চরমে ওঠে। রবিবার, ২১ জুন রি-নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু টেলিগ্রাম অ্যাপের মতো কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, রি-নিটের প্রশ্নও ফাঁস হয়ে গিয়েছে। এর ফলে পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বেগ চরমে ওঠে। এর প্রেক্ষিতেই এনটিএর ডিরেক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘রি-নিটে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষা হয়েছে সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে।’ এই বিবৃতি ছাত্রছাত্রী এবং বাবা-মায়েদের উদ্বেগ কমাচ্ছে ঠিকই, কিন্তু একইসঙ্গে আরও একটি গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। তা হল, এদেশে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারির পরও কীভাবে ওই মাধ্যম ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে? 

    উল্লেখ্য, রি-নিটের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত আয়োজন নিশ্ছিদ্র করতে টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি নিয়ে এমনকি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অ্যাপ কর্তৃপক্ষ। যদিও বিশেষ লাভ হয়নি। সোমবার, ২২ জুন পর্যন্তই ওই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে ওই মাধ্যমে রি-নিট পরীক্ষা সংক্রান্ত একের পর এক ভুয়ো ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে, তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে। এনটিএ জানিয়েছে, ‘রি-নিটের ক্ষেত্রে প্রথম থেকেই জালিয়াতির বিরুদ্ধে একেবারে জিরো-টলারেন্স নীতি নেওয়া হয়েছিল। সেইমতোই সাইবার সুরক্ষা ব্যবস্থা কার্যকর হয়েছিল। তবে ছাত্রছাত্রীদের অসুবিধার কথাও মাথায় রাখা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)