• নিট: ‘মুন্নাভাই’ কায়দায় জালিয়াতি, বিহারে গ্রেপ্তার হবু ডাক্তার, বায়োমেট্রিক সংস্থার কর্মীও
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • পাটনা: পরীক্ষা দেওয়ার কথা ছিল একজনের। কিন্তু তার বদলে পরীক্ষা দিলেন অন্যজন। সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার বাস্তব সংস্করণ দেখা গেল বিহারে। তবে শেষ রক্ষা হল না। রবিবার নিট-ইউজির রিটেস্টে এমন জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে বিহারের লক্ষ্মীসরাইতে ধরা পড়ল ৩০ জন। ধৃতদের মধ্যে রয়েছে সাধারণ পরীক্ষার্থী থেকে হবু চিকিৎসক মায় পরীক্ষার সঙ্গে যুক্ত বায়োমেট্রিক সংস্থার কর্মীরাও। পুলিশ মনে করছে এই জালিয়াতি চক্রের মাথা অর্পিত রাজ। গয়ার এএনএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পড়ুয়া অর্পিতকে ২০২৪ সালের নিট-পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অর্পিত ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ময়ঙ্ক কাশ্যপ নামের এক এমবিবিএস পড়ুয়াকেও। সে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে কলেজ থেকে ছুটি নিয়েছিল ময়ঙ্ক। তাকে লক্ষ্মীসরাই থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রয়েছে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বায়োমেট্রিক সংস্থার ১৪ জন কর্মী। 

    কীভাবে এই চক্রের যোগসাজশ সামনে এল? প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বায়োমেট্রিক সংস্থার কর্মী হিসাবে হাসানপুর হাইস্কুলে প্রবেশ করে ময়ঙ্ক কাশ্যাপ। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর লক্ষ্মীসরাইয়ের কে আর কে হাইয়ার সেকেন্ডারি স্কুলে তল্লাশি চালিয়ে একজন জাল পরীক্ষার্থী এবং বায়োমেট্রিক সংস্থার বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীসরাইয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ে তল্লাশি চালিয়ে সাতজন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এরা বিহারের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে এসেছিল বলে প্রশাসন জানিয়েছে। লক্ষ্মীসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার এবং পুলিশ সুপার প্রেমা কুমার পুরো তদন্তপ্রক্রিয়া তদারকি করছেন। রিটেস্টে জালিয়াতির সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধৃতদের জেরা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)