• বাজেটে বিপুল প্রাপ্তি উত্তরবঙ্গের
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গবাসী পদ্ম শিবিরকে উজাড় করে ভোট দিয়েছেন। তারই প্রতিদান হিসাবে প্রথম পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গকে কার্যত ভরিয়ে দিল বিজেপি সরকার। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যে বাজেট পেশ করেন, তাতে বিপুল প্রাপ্তি শিলিগুড়ি থেকে মালদহ, বালুরঘাট থেকে কোচবিহার, রায়গঞ্জ থেকে জলপাইগুড়ির। 

    এতদিনে উত্তরবঙ্গের ‘বঞ্চনা’ ঘুচল, বলছেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক, পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শংকর কুণ্ডু ও ফোসিনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে দু’হাত ভরে দেওয়া হয়েছে বলে এদিন জলপাইগুড়িতে এসে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

    কেন্দ্রের সহযোগিতায় উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম কিংবা ক্যানসার হাসপাতালের ঘোষণা যেমন এবারের রাজ্য বাজেটে রয়েছে, তেমনই শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়ার শিবমন্দির, মালদহের গাজোল, চাঁচল, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি ও আলিপুরদুয়ারের জয়গাঁকে নতুন পুরসভা গড়ার প্রস্তাব রাখা হয়েছে রাজ্য বাজেটে। 

    সবচেয়ে বড় চমক হিসাবে শিলিগুড়ি-জলপাইগুড়ি মেট্রো রেল নিয়ে সার্ভের উল্লেখ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হবে, যা ব্যবসা বাণিজ্যের সঙ্গে পর্যটন ক্ষেত্রকে চাঙ্গা করবে বলে মনে করছে বণিকসভার পাশাপাশি পর্যটন মহল। 

    উন্নত যোগাযোগ ব্যবস্থার নিরিখে এখনও যথেষ্ট পিছিয়ে উত্তরবঙ্গ। সেই বিষয়টি মাথায় রেখে এবারের রাজ্য বাজেটে মালদহ ও বালুরঘাটে দু’টি নতুন বিমানবন্দরের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কোচবিহারে যে বিমানবন্দর রয়েছে, সেটির পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। হাসিমারা বিমানবন্দর সম্প্রসারণে ২৫ একর জমি দেবে রাজ্য, তারও উল্লেখ রয়েছে বাজেটে। 

    উত্তরবঙ্গে সেই অর্থে এখনও পর্যন্ত কোনো বড়ো শিল্প নেই। উত্তরের মাটিতে যাতে শিল্প আসে, সেই লক্ষ্যে বাজেটে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শিল্পে ইনসেন্টিভ দেওয়ার কথা বলা হয়েছে। বেসরকারি বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে সরকারের বিজনেস ফ্রেন্ডলি পলিসি স্পষ্ট করার সঙ্গে বাজেটে ঘোষণা করা হয়েছে শিলিগুড়িতে উন্নত বাণিজ্যকেন্দ্র হবে। গড়ে তোলা হবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র, চা ক্লাস্টার। হবে লজিস্টিক হাবও। বাজেটে বলা হয়েছে হেমতাবাদ, করণদিঘি, মানিকচক ও লাভা ব্লকে নয়া দমকল কেন্দ্র হবে। চা শ্রমিক উন্নয়ন বোর্ড, পিএম চা শ্রমিক যোজনা চালুর পাশাপাশি বলা হয়েছে, চা বাগানের ১৫ শতাংশ জমি ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে। কালিয়াগঞ্জ, তুফানগঞ্জে মহিলা কলেজ, খেলাধুলোর উন্নয়নে উত্তরে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়ামের উল্লেখ রয়েছে বাজেটে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিকেল কলেজ, দার্জিলিংয়ে ট্রমা কেয়ার সেন্টারের কথা বলা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ১১ হাজার কোটি ব্যয়ে তিস্তা ব্যারেজ প্রকল্পে সেচের উন্নয়নের কথা রয়েছে বাজেটে। 

    মালদহে আম চাষিদের আয় বাড়াতে উৎসাহ, উত্তরবঙ্গে ফুলচাষে উৎসাহ, দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব, বেঙ্গল শক্তিপীঠ সার্কিটে জলপাইগুড়ির ভ্রামরীদেবীর মন্দির এবং মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির সংরক্ষণ, প্রসারে গুরুত্ব ও হেরিটেজ কমিশন পুনর্গঠনের কথা বলা হয়েছে। দার্জিলিংয়ে তৈরি হবে ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম স্পট। 
  • Link to this news (বর্তমান)