• অবশেষে মেডিকেল কলেজ পাচ্ছে দঃ দিনাজপুর, স্বস্তিতে জেলাবাসী
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: দীর্ঘ অপেক্ষা আর বঞ্চনার অবসান। রাজ্য সরকারের ঘোষণার পর বাজেটেও ঘোষণা হল, মেডিকেল কলেজ হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর এই ঘোষণায় উচ্ছ্বসিত জেলার মানুষ। সোমবার দুপুর থেকে সাধারণ মানুষ ঢাক ঢোল বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন। শাসকদল বিজেপির নেতাকর্মীরাও আনন্দ ভাগ করে নেন। 

    বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মেডিকেল কলেজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে কথা হয়েছিল। এবার রাজ্য বাজেটেও বিষয়টি ঘোষণা হয়েছে। জেলার দীর্ঘদিনের স্বপ্ন বিজেপি সরকার বাস্তবায়িত করল। 

    দক্ষিণ দিনাজপুর পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত। উন্নত চিকিৎসা থেকে বরাবর বঞ্চিত এই জেলার মানুষ। সামান্য অসুখে রোগীদের ভিনজেলায় ছুটতে হয়। দীর্ঘদিন ধরে বালুরঘাটে মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন হয়েছিল। পথে নেমেছিলেন জেলার বিশিষ্টজনেরা। 

    নতুন সরকার ক্ষমতায় আসার দু’মাসের মধ্যে মেডিকেল কলেজ তৈরির ঘোষণা হল। মেডিকেল কলেজের দাবিতে দীর্ঘদিন ধরে বালুরঘাটে আন্দোলন করেছে ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশন। 

    বালুরঘাটে মেডিকেল কলেজের ঘোষণায় বুদ্ধিজীবীদের এই সংগঠন ভীষণ খুশি। সংগঠনের সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল বলেন, ২০১২ সাল থেকে আমরা মেডিকেলের দাবিতে আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন সার্থক হল। খুশি জেলার সাধারণ মানুষও। 

    বালুরঘাটের শিক্ষক প্রদীপ পাল বলেছেন, রাজ্য সরকারকে ধন্যবাদ। বহুদিন পর আমরা মেডিকেল কলেজ পাচ্ছি। এটা খুব দরকার ছিল আমাদের।

    আগেই বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ তৈরির ব্যাপারে প্রস্তাব গিয়েছিল। সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির নির্দেশও দিয়েছিল রাজ্য সরকার। জমি, পরিকাঠামো সহ একাধিক বিষয় জানতে চেয়েছে রাজ্য। 
  • Link to this news (বর্তমান)