• হাসপাতালে মৃত ঘোষণা চিকিত্সকের, পথে প্রাণ ফিরল শিশুর!
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, কালিয়াচক: সোমবার সকালে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে উঠল বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বৈষ্ণবনগরের লক্ষ্মীপুরের চার বছরের এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পথে শিশুটি শ্বাস নিতে শুরু করে এবং নড়াচড়া করছিল। তাকে ফের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর আত্মীয়-পরিজনরা। পরিবারের দাবি, পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে শিশুটিকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পরিবার শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যদের নজরে আসে শিশুটি নড়াচড়া করছে এবং শ্বাস নিচ্ছে। মৃতের কাকা রঞ্জন সাহার অভিযোগ, চিকিৎসক আমাদের বলেছিলেন শিশুর মৃত্যু হয়েছে। বাড়ি ফেরার পথে দেখি সে নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে পালস পাওয়া যাচ্ছিল। এরপর মালদহ মেডিকেলে রেফার করা হলে পথে ওর মৃত্যু হয়। চিকিৎসক কীভাবে জীবিত শিশুকে মৃত ঘোষণা করলেন? 

    কালিয়াচক-৩ বিএমওএইচ সেখ আবদুল্লাহ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি, তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গাফিলতির প্রমাণ হলে ওই চিকিত্সকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    অভিযুক্ত চিকিত্সক গোলাম জাকারিয়ার দাবি, নিয়ম মেনেই চিকিত্সা করেছি। কোনো গাফিলতি ছিল না। বাচ্চাটির পালস পাওয়া যাচ্ছিল না। মৃত বলেই মনে হচ্ছিল। বাকিটা তদন্ত কমিটিকে বলব।
  • Link to this news (বর্তমান)