• অবশেষে ১২০০ কোটি টাকা পাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকল্পের নাম পরিবর্তন করে হলেও রাজ্য বাজেটে প্রাপ্য গুরুত্ব পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাজেটে ঘোষণা করা হয়েছে, ‘ইনস্টিটিউট অব এক্সেলেন্স’ হিসাবে কেন্দ্র-রাজ্য মিলিয়ে পাঁচ বছরে ১২০০ কোটি টাকা পাবে যাদবপুর। এর মধ্যে ২০০ কোটি দেবে রাজ্য সরকার। বাকি টাকা আসবে কেন্দ্রের শিক্ষামন্ত্রক থেকে। তবে, ২০১৮ সালে যে ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’ তকমা পাওয়ার জন্য যাদবপুর আবেদন করেছিল, তার সঙ্গে নামের খানিক অমিল থাকছে। সেই প্রকল্পে যাদবপুরকে ১০০০ কোটি টাকা দেওয়ার কথা হয়। তবে, প্রথমে রাজ্যকে ২৫০ কোটি টাকা দিতে বলা হয়েছিল। সেটা পরে ৫০০ কোটি হয়। রাজ্য সরকার কোনো প্রস্তাবেই রাজি না-হওয়ায় এই তকমা হারায় যাদবপুর।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট প্রচারে এসে যাদবপুরে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছিলেন। সেইসময় যাদবপুরের অন্দর থেকে সেই বক্তব্যের বিরোধিতার পাশাপাশি ইনস্টিটিউট অব এমিনেন্স তকমা এবং সেই বাবদ অর্থের দাবি করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরে ফের সেই দাবি জানানো হয়। অবশেষে সরকার সেটিকে গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষা চর্চায় ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।

    রাজ্য সরকার ১০০০টি স্কুলে এটল টিঙ্কারিং ল্যাব তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এখানে বিজ্ঞানের ওয়ার্কশপ, কোডিং, রোবোটিক্স চর্চা হবে। এছাড়া রাজ্যে চারটি নবোদয় স্কুল, দুটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির জন্যও জমি চিহ্নিত করা হয়েছে। পিএমশ্রী প্রকল্পে মডেল স্কুল তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২১০০ কোটি টাকা। আইটিআইগুলির উন্নতি এবং স্কিল শিক্ষার জন্য বরাদ্দ হয়েছে ৫৭০ কোটি টাকা।

    শিক্ষার পাশাপাশি নারী সুরক্ষা এবং উন্নয়নেও বিশেষ ঘোষণা করেছে। অন্নপূর্ণা যোজনা, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পাশাপাশি প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা যোজনাও চালু হচ্ছে রাজ্যে। এর আওতায় প্রসূতিরা ২১ হাজার টাকার এককালীন আর্থিক সাহায্য এবং ছয়টি পুষ্টিসামগ্রী পাবেন। শহরের ব্যস্ত এলাকায় টহলের জন্য মহিলা পুলিশ নিয়ে দুর্গা স্কোয়াড, রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে শহিদ মাতঙ্গিনী হাজরা এবং চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণির নামে পৃথক দুটি মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে। প্রতিটি থানায় থাকবে মহিলা সহায়তা ডেস্ক।
  • Link to this news (বর্তমান)