নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করেন। সেই বাজেটেই ঘোষণা করা হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত প্রশংসনীয়। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী ২০২৬ সালে। তাঁর জন্মদিন ৬ জুলাই। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এখন থেকে এই দিনটিকে রাজ্য সরকারে ছুটি হিসাবে ঘোষণা করা হচ্ছে। তাঁর অসামান্য অবদানকে সম্মান জানাতে এই বছরব্যাপী উদযাপনের আয়োজন করা হবে। জিরাটে ১২৫ ফুট উঁচু একটি মূর্তিও নির্মাণ করা হবে এবং তাঁর প্রাচীন পৈতৃক বাড়ি সংস্কার করে ফেরানো হবে স্বমহিমায়। এছাড়া শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশে একটি করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই গোটা পরিকল্পনা বাস্তবায়নে রাজ্য অর্থদপ্তর ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।