নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের মহার্ঘ ভাতা (ডিএ) অক্টোবর থেকে এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি করায় তাদের অধিকাংশ কর্মচারী সংগঠনই খুশি। যৌথ সংগ্রামী মঞ্চ, বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। এমনকি, সিপিএম প্রভাবিত কো-অর্ডিনেশন কমিটি কিছু প্রশ্ন তুললেও ২০ শতাংশ ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত বলেন, ‘সরকারি কর্মীরা এর ফলে উৎসাহিত হবেন।’
রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক দেবাশিস শীল বলেন, ‘অতীতে কোনো সরকার এভাবে একসঙ্গে ২০ শতাংশ ডিএ দেয়নি। বিপুল ঋণ থাকা সত্ত্বেও ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় কর্মীদের সমান করার যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তা পর্যায়ক্রমে পূরণ করার প্রক্রিয়া শুরু হল।’ যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষে ভাস্কর ঘোষ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আগামী দিনে আরও যে বকেয়া আছে, সেটা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’ জাতীয়তাবাদী পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সরকারি কর্মী আন্দোলনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন। একসঙ্গে ২০ শতাংশ ডিএ বৃদ্ধি অভূতপূর্ব।’ রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আশিস চট্টোপাধ্যায় বলেন, ‘অন্যান্য বকেয়াও আগামী দিনে সরকার মেটাবে বলে আমরা আশাবাদী।’
তবে ডিএ মামলাকারী প্রধান সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘অক্টোবর থেকে ২০ শতাংশ ডিএ দিয়ে সরকার তার কর্মীদের কার্যত ললিপপ ধরিয়ে দিল।’