• মুম্বই-ভেলোরে চিকিৎসা করাতে যাওয়া বঙ্গবাসীর জন্য সস্তায় থাকার ব্যবস্থা: মন্ত্রী
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবন, পুরুলিয়া ও দার্জিলিংয়ে নতুন সুপারস্পেশালিটি হাসপাতাল হবে। সোমবার রাজ্য বাজেট থেকে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যবাসী কীভাবে লাভবান হলেন, স্বাস্থ্যভবনে এক সাংবাদিক সম্মেলন তারই ব্যাখ্যা দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, স্বাস্থ্যে ২৪,৭৫৩ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্বতন জমানার তুলনায় বরাদ্দ বৃদ্ধি হল প্রায় ৩,৪০০ কোটি টাকা। 

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রান্তিক, দরিদ্র, সত্তরোর্ধ্বরা ছাড়াও ‘আয়ুষ্মান ভারত’ পাবেন আশা, আইসিডিএস, গিগ কর্মীরা। যাঁরা প্রকল্পের বাইরে থাকবেন, তাঁদের জন্য থাকবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল। মন্ত্রী বলেন, রাজ্যজুড়ে ‘জনঔষধি’তে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ এবং অমৃত প্রকল্পে ৮০-৯০ শতাংশ ছাড়ে আধুনিক চিকিৎসা সরঞ্জাম মিলবে। আমি তো জনঔষধির ওষুধ খেয়ে দিব্য ভালো আছি। প্রেশারও কন্ট্রোলেই আছে! 

    তিনি বলেন, দীঘা, দার্জিলিং ও ফরাক্কার মতো পর্যটন কেন্দ্রগুলিতে অত্যাধুনিক ট্রমা সেন্টার হবে। লক্ষ্য পর্যটকদের সুরাহা। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা ও মানবাজার হাসপাতালের পরিকাঠামোর উন্নত করা হবে। সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালটি মেডিকেল কলেজের রূপ পাবে। মুর্শিদাবাদে হাসপাতালের আধুনিকীকরণ হচ্ছে বিড়ি শ্রমিকদের জন্য। প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনারও সুবিধা পাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র।  মুম্বই ও ভেলোরে চিকিৎসার জন্য বাংলার যেসব মানুষ যান তাঁদের জন্য পিপিপি মডেলে কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজ্যে হবে পাঁচটি নতুন মেডিকেল কলেজ। সিউড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমানে। সর্বমোট ৬৫০ এমবিবিএস এবং ৪৫০ পিজি আসন বাড়বে। ফলে রাজ্যে এমবিবিএস আসনের সংখ্যা দাঁড়াবে প্রায় ৭ হাজার।

    বাজেটে স্বাস্থ্যে উত্তরবঙ্গের প্রাপ্তির লিস্ট লম্বা। শারদ্বতবাবু বলেন, ট্রমা সেন্টার, নতুন মেডিকেল কলেজ ছাড়াও এইমস পাচ্ছে উত্তরবঙ্গ। হচ্ছে আধুনিক ক্যানসার হাসপাতালও। তবে স্বাস্থ্যে সম্ভবত সবচেয়ে বড়ো চমক হল সুন্দরবনে ভ্রাম্যমাণ ও ভাসমান মেডিকেল ইউনিট! মা ও শিশুর চিকিৎসা, টিকাকরণ ছাড়াও সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। হাইস্পিড ওয়াটার অ্যাম্বুলেন্সের সংখ্যাও বাড়বে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীর ডায়েটে মাথাপিছু সরকারি খরচ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হচ্ছে। পাঁচটি মেডিকেল টুরিজম হাব হবে রাজ্যে। তবে প্রতিটি হাবে প্রাইভেট হাসপাতাল গোষ্ঠীগুলি বিনিয়োগ করলে শর্ত থাকবে ৫০ শতাংশ বেডে সরকারি রোগীদের নিখরচায় চিকিৎসাপ্রদান। 
  • Link to this news (বর্তমান)