• আরামবাগে তোলাবাজি ও বোমা মজুতের অভিযোগে পুলিশের জালে মেজকা
    বর্তমান | ২৩ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তোলাবাজি, বোমা মজুত সহ একাধিক অভিযোগে এবার আরামবাগের তৃণমূল নেতা শেখ সফিকুল ইসলাম ওরফে মেজকাকে পুলিশ গ্রেপ্তার করল। রবিবার রাতে আরামবাগ শহরের আন্দিমহল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের কিছুদিন পর আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স মার্কেটের ছাদ থেকে বেশ কিছু বোমা, তলোয়ার উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় আরামবাগ থানার পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতা রাকেশ আলি সহ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এবার ওই ঘটনায় মেজকাকেও গ্রেপ্তার করা হল।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজকা আরামবাগ বাসস্ট্যান্ডে রাজত্ব চালাত। তার বিরুদ্ধে সেখানে তোলাবাজির অভিযোগ রয়েছে। বিগত দিনে মারধরের অভিযোগেও তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সোমবার অবশ্য মেজকা এব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। এনিয়ে তৃণমূলেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

    আরামবাগের বিজেপি নেতা সঞ্জীব হেলা বলেন, মেজকা তোলাবাজি করে নিজের ব্যক্তিগত সম্পত্তি বাড়িয়েছে। বাড়ি, গাড়ি সবই হয়েছে। এবার আইনের আওতায় তার বিচার হবে। 

    অন্যদিকে, গোঘাটে তোলাবাজি, মারধরের অভিযোগে এক বিজেপি নেতাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমেন পাল। তার বাড়ি গোঘাটের কয়াপাট এলাকায়। সে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক পদে রয়েছে। তার বিরুদ্ধে রবিবারই গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও সোমবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। সে বলে, মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানো হয়েছে। গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার বলেন, সৌমেনকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিস্তারিত আমার জানা নেই। তবে কেউ যদি অন্যায় করে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)