শওকতের ছেলের কাফেটেরিয়া ভাঙার নির্দেশ জেলা প্রশাসনের
বর্তমান | ২৩ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তারের পর নজরে এসেছিল তাঁর ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন কাফেটেরিয়া। অভিযোগ, সেটি মাতলা নদীর চর দখল করে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ, পুরোটাই নাকি বেআইনি। এ নিয়ে হইচই হতেই ক্যানিংয়ের মহকুমা শাসকের অফিস থেকে তাঁকে সব কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। তা যাচাই করতে গিয়ে দেখা যায়, সেচদপ্তরের জমি দখল করেই ওই বিশাল কাফেটেরিয়া তৈরি করা হয়েছে। একারণেই সেই কাফেটেরিয়া ভেঙে দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। আগামী ২৯ জুনের মধ্যে কাফেটেরিয়ার মালিককেই তা ভাঙতে বলা হয়েছে। ওই সময়সীমা পেরিয়ে গেলে প্রশাসন বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেবে।
জানা গিয়েছে, বাবা বিধায়ক থাকাকালীন মৌখালি সেতু সংলগ্ন এলাকায় চরের উপর রাস্তার পাশে এই কাফেটেরিয়া তৈরি করেছিলেন ইমরান। নিয়মের তোয়াক্কা না করে দিব্যি চলছিল সেই ব্যবসা। কিন্তু পালাবদলের পর বদলে যায় সব হিসাব। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তে শওকতের খোঁজে তাঁর বাড়ি এবং ওই কাফেতে তল্লাশি চালানোর সময় প্রকাশ্যে আসে ইমরানের এই সম্পত্তি। তবে এই কাফে ছাড়াও সেখানে গজিয়ে ওঠা আরও দোকানের ভবিষ্যৎ কী, তা এখনও চূড়ান্ত হয়নি। তাদের নথিপত্র পরীক্ষা করার কাজ চলছে। অন্যদিকে, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের তৈরি বৃদ্ধাশ্রম নিয়েও আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। সেটি নিয়েও অনেক জটিলতা আছে, তাই এ ব্যাপারে ধীরে চলার নীতি নেওয়া হয়েছে। সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। তবে সেই নির্মাণও যে চর দখল করেই হয়েছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে।