• সোনাঝুরির জঙ্গল থেকে লেক-পাহাড়, বর্ষায় কলকাতার কাছেই ঘুরে আসুন অফবিট লোকেশন ‘দোলাডাঙায়’
    এই সময় | ২৩ জুন ২০২৬
  • বর্ষায় কি ঘুরতে যেতে ইচ্ছে করছে? আবার হাতে ছুটিও নেই। তা হলে সপ্তাহ শেষের দু’টি দিন কাটানোর সেরা জায়গা হতে পারে এই জায়গা। কলকাতা থেকে ঘন্টা তিনেক দূরেই রয়েছে এই জায়গা। আর যদি ভিড়ভাট্টা এড়িয়ে কোনও অফবিট লোকেশনের খোঁজ করেন তা হলে এই বর্ষায় পাড়ি দিতে পারেন ‘দোলাডাঙায়’। যাঁরা জল, জঙ্গল আর পাহাড় ভালোবাসেন, তাঁদের জন্য এই জায়গা একদম স্বর্গ।

    পুরুলিয়া বলতেই আমাদের চোখে ভেসে ওঠে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী বা বড়ন্তির ছবি। কিন্তু এই দোলাডাঙা আজও মানুষের কাছে খুব একটা চেনা নয়। দোলাডাঙা হলো পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম। মুকুটমণিপুর বাঁধের ঠিক বিপরীতেই এর অবস্থান। সবুজ বনের মাঝে এই ছোট্ট জনপদ, লেক আর আদিবাসীদের সরলতা আপনাকে মুগ্ধ করবেই।

    এখানে এলে আপনি দেখতে পাবেন ঘন সোনাঝুরি গাছের জঙ্গল। সারি সারি গাছের মাঝখান দিয়ে চলে গিয়েছে লাল মাটির রাস্তা। আর চোখের সামনেই রয়েছে কংসাবতী নদী। নদীর জলে পা ডুবিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যায়। দূর দিগন্তে দেখা যায় উঁচু-নীচু পাহাড়। খোলা আকাশ আর আকাশের নীচে বিস্তীর্ণ মালভূমি চোখের ক্লান্তি দূর করে দেয়।

    দোলাডাঙায় এলে বেশ কিছু চমৎকার অভিজ্ঞতা আপনার ঝুলিতে জমবে। লেকের বুকে নৌকো বিহার থেকে শুরু করে আদিবাসী নৃত্য উপভোগ করা— সবই মিলবে এখানে। চাইলে জঙ্গলের ভিতরের নির্জন রাস্তায় পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারেন। লেকের মাঝখানে আবার ছোট ছোট দ্বীপও রয়েছে। তবে এখানে এলে একটা জিনিস অবশ্যই চেখে দেখবেন। সেটা হলো শালপাতায় মোড়া মুরগির পোড়া মাংশ। লেক আর জঙ্গলের মাঝে দোলনায় বসে এই গরম গরম লোকাল চিকেন খাওয়ার মজাই আলাদা।

    কলকাতা থেকে এখানে যাওয়ার দু’টি সহজ উপায় রয়েছে। যদি বাসে যেতে চান, তবে কলকাতা থেকে রাতের বাস ধরুন। বাস পুরুলিয়ার মানবাজারে পৌঁছবে ভোররাতে। এর পর সেখান থেকে ই-রিক্সা বা গাড়ি নিয়ে প্রায় পৌনে এক ঘন্টার পথ দোলাডাঙা।

    আর যদি ট্রেনে যেতে চান, তবে কলকাতা থেকে ট্রেনে চেপে প্রথমে বাঁকুড়া স্টেশন নামুন। বাঁকুড়া থেকে খাতড়াগামী যে কোনও বাসে উঠে নামতে হবে হাতিরামপুর স্টপে। এর পর হাতিরামপুর থেকে লোকাল গাড়িতে পৌঁছে যান মানবাজার বাস স্ট্যান্ড। সেখান থেকে ই-রিক্সা ধরে সোজা দোলাডাঙা গ্রাম। তবে একটা জরুরি টিপস মনে রাখবেন। ভোর রাতে যখন পৌঁছবেন, তখন যাতায়াতের জন্য যেখানে থাকবেন সেই হোমস্টে বা রিসোর্টে আগে থেকে গাড়ি বা ই-রিক্সা বুকিং করে রাখার কথা ভুলবেন না।

  • Link to this news (এই সময়)