• হাওড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ! রাজ্য বাজেটে বাগনান নিয়ে বিরাট সবুজ সংকেত
    News18 বাংলা | ২৩ জুন ২০২৬
  • : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হল। প্রায় দেড় ঘণ্টা ধরে বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো এবং প্রশাসনিক সংস্কারের একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি হাওড়া জেলার বাগনানকে পৌরসভার মর্যাদা দেওয়ার প্রস্তাবেও অনুমোদনের কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

    প্রসঙ্গত, আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান হয় এবং রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের মন্ত্রীর কাছে বাগনান পৌরসভা গঠনের দাবিতে একটি বিস্তারিত আবেদনপত্র জমা দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, গত দুই দশকে বাগনান এলাকায় দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্প্রসারণ ঘটেছে। জাতীয় সড়ক ১৬ ও দক্ষিণ-পূর্ব রেলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে বাগনান বর্তমানে মধ্য হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

    চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বাগনান পঞ্চায়েত ব্যবস্থার আওতায় থাকলেও দ্রুত নগর বৃদ্ধির ফলে বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি, পানীয় জল, রাস্তা, স্ট্রিট লাইট ও পরিকল্পিত পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি পৌর প্রশাসনের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। বাগনান-১ ও বাগনান-২ এবং বাগনান নগরায়িত এলাকাগুলিকে নিয়ে পৌরসভা গঠন করা হলে প্রায় ৭০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

    রাজ্য বাজেটে বাগনান পৌরসভার প্রস্তাব অনুমোদনের ঘোষণার পর এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে পৌরসভার দাবিতে সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে বাগনানের নাগরিক পরিকাঠামো উন্নয়ন, আধুনিক পরিষেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করা হচ্ছে। ফলে এই ঘোষণাকে বাগনানের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন এলাকার মানুষ।
  • Link to this news (News18 বাংলা)